Home আন্তর্জাতিক তাইওয়ানে শক্তিশালী টাইফুন হাইকুইয়ের আঘাত

তাইওয়ানে শক্তিশালী টাইফুন হাইকুইয়ের আঘাত

11

আন্তর্জাতিক ডেস্ক||

তাইওয়ানে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন হাইকুই। আঘাত থেকে বাঁচতে সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলের ৪ হাজারেরও বেশি বাসিন্দাকে। বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, রোববার বিকালের দিকে তাইওয়ানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় আঘাত আনে হাইকুই। বিগত চার বছরে কোনো টাইফুন এভাবে সরাসরি আঘাত আনেনি দেশটিতে। ওই অঞ্চলে সব ক্লাস বাতিল করা হয়েছে এবং অফিস ছুটি দেওয়া হয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং এক বিবৃতিতে বলেছেন, জনগণ যেন ঘরের বাইরে না যায়। বিশেষ করে পাহাড়ি ও উপকূলীয় এলাকায় না যায়। মাছ ধরা কিংবা পানিবিষয়ক কোনো খেলাধূলায় অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়।

দেশটির ফায়ার সার্ভিস জানায়, হুয়ালিয়েন প্রদেশে একটি গাছ ঝড়ের আঘাতে ট্রাকের ওপর পড়লে দুজন আহত হন। আরও কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে রাজধানীতে ভারী বৃষ্টি ছাড়া প্রভাব দেখা যায়নি।

 

শনিবার চীনের গুয়াংডং ও হংকংয়ে আঘাত আনা টাইফুর সাওলার চেয়ে হাইকুই অনেক দুর্বল। তারপরও কোনো ঝুঁকি নিতে চায়নি সরকার। দেশটির সরকার জানায়, এখন পর্যন্ত দক্ষিণ ও পূবাঞ্চলীয় শহর থেকে ৩ হাজার ৭২৯ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার বন্ধ ছিল সবগুলো ফ্লাইট।

তাইওয়ানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক বিমান চলাচলে খুব বেশি প্রভাব পড়েনি। মোট ৪১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তাইওয়ান পেরিয়ে হাইকুই এখন তাইওয়ান প্রণালি ও চীনে আঘাত আনতে পারে।