Home আঞ্চলিক ভল্ট থেকে ২৩ লাখ টাকার পে-অর্ডার উধাও

ভল্ট থেকে ২৩ লাখ টাকার পে-অর্ডার উধাও

30

নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়া জেলা খাদ্য অফিসের ভল্ট থেকে মিল মালিকদের নিরাপত্তা জামানত হিসেবে রাখা ২৩ লাখ টাকার পে-অর্ডার উধাও হয়ে গেছে। সিডি বা নগদ জমা নামে পরিচিত সেই অর্থ ব্যাংক থেকে তুলেও নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী সরকারকে চাল সরবরাহ করতে না পারায় ওই অর্থ আটকে রাখা হয়েছিল। তবে অভিযোগ পাওয়া গেছে, অফিসের কয়েকজন কর্মচারীর সহযোগিতায় গোপনে এসব সিডি বাইরে এনে ব্যাংক থেকে ভাঙিয়ে অর্থ তুলে নিয়েছেন কয়েকজন মিল মালিক।

২০২০ সালে সিডি গায়েবের ঘটনা ঘটলেও টের পাওয়া গেছে চলতি মাসে। বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা খাদ্য নিয়ন্ত্রক ছয়জন মিল মালিকের নামে চিঠি ইস্যু করে তিন কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার পাশাপাশি অর্থ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি চার সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। এ ঘটনায় খাদ্য মন্ত্রণালয় গত ২৪ আগস্ট সারাদেশের খাদ্য অফিসে চিঠি দিয়ে ২০২০ সালের সিডির বিষয়ে তথ্য চেয়েছে।
খাদ্য বিভাগ ও মিল মালিকদের একাধিক সূত্র জানায়, ২০২০ সালে করোনা চালাকালে মিল মালিকরা সরকারের সঙ্গে চাল সরবরাহের চুক্তি করে। অন্য মিলারদের পাশাপাশি চুক্তিবদ্ধ হয় ব্যাপারী এগ্রো লি., ইফাদ অটো রাইস মিলের দুটি প্রতিষ্ঠান, আল্লাহর দান রাইস মিল, হালিম অটো, জাহানারা এগ্রো নামে ছয়টি প্রতিষ্ঠান। তাদের ২৩ লাখ টাকার সিডি জমা রাখা হয় অফিসে। এর মধ্যে ইফাদ রাইস মিলের প্রায় ৯ লাখ টাকার চেক ছিল। ইফাদ অটো রাইস মিল দেউলিয়া হয়ে গেছে।

২০২০ সালে সারাদেশে মিল মালিকদের জামানতের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হলেও শুধু কুষ্টিয়া জেলায় তা অফিসে রাখা হয়। এর মধ্যে ২০২০ সালে ওই ছয় মিল মালিকের সঙ্গে আঁতাত করে অফিসের তৎকালীন এক দারানোয়সহ অফিসের কয়েকজন কর্মচারী সিডি চুরি করে অর্থ তুলে ভাগাভাগি করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

খাদ্য বিভাগ জানায়, চুক্তি অনুযায়ী অনেক মিল মালিক চাল দিতে ব্যর্থ হন। এর পর খাদ্য মন্ত্রণালয় থেকে সেই মালিকদের জামানত আটকে রাখার নির্দেশ দেওয়া হয়।

মিল মালিকদের ভাষ্য, দীর্ঘদিন জামানতের অর্থ খাদ্য অফিসে পড়ে থাকায় তারা জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেনের সঙ্গে দেখা করে সিডির বিষয়ে সুরাহা করার দাবি তোলেন। বাবুল হোসেন তখন সিডি জমা দেওয়া মিল মালিকদের তালিকা তৈরির নির্দেশ দেন। তালিকা তৈরির সময় দেখা যায়, সেখানে ছয়জন মিল মালিকের ২৩ লাখ টাকার সিডি নেই।

চলতি মাসে সিডি খোয়া যাওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর ওই ছয়জন মিল মালিককে চিঠি ইস্যু করার পাশাপাশি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) প্রবোধ কুমার পালের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রবোধ কুমার পাল বলেন, ‘বিষয়টি আমি বিস্তারিত জানি না। কাজ চলছে।’

এদিকে ছয়টি মিলকে চিঠি দিয়ে ওই অর্থ তিন কার্য দিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাপারী এগ্রো রাইস মিলের মালিক তোফাজ্জেল হোসেন ও জাহানারা রাইস মিলের মালিক মোহাম্মদ আলী জিন্নাহর যোগসাজশে খাদ্য অফিসের কয়েকজন কর্মচারী এ কাজ করেছে বলে খাদ্য বিভাগ সূত্র জানিয়েছে।

খাদ্য কর্মকর্তারা জানান, চাল সংগ্রহের আগে প্রতিটি মিল মালিকের সঙ্গে সরকার চুক্তিবদ্ধ হয়। সরকারের নিয়ম অনুযায়ী যে পরিমাণ টাকার চাল মিল মালিক সরবরাহ করবে, সে টাকা ২ শতাংশ হারে জামানত রাখতে হয়। মিল মালিকরা ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিলে সেখান থেকে একটি পে-অর্ডার দেওয়া হয়। চাল পুরোপুরি গোডাউনে দেওয়ার পর মিল মালিকরা আবেদন করলে জেলা খাদ্য নিয়ন্ত্রক তা ফেরত দেন। এর পর সেই অর্থ ব্যাংক থেকে তুলে নিতে পারেন মিল মালিকরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন বলেন, মিল মালিকরা তাদের সিডির অর্থ ব্যাংক থেকে নগদায়ন করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাই তাদের প্রমাণাদি পেশ করতে বলা হয়েছে। অন্যথায় তিন কার্যদিবসের মধ্যে অর্থ জমা দিতে বলা হয়েছে। তারা ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়া হবে।