স্টাফ রিপোর্টার।।
খুলনায় সোনালী ব্যাংকের দৌলতপুর শাখা থেকে ৯২ কোটি ৬৩ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় মেসার্স ইস্টার্ন ট্রেডার্সের স্বত্বাধিকারী সনজিত কুমার দাসের জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম মঙ্গলবার এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি খন্দকার মজিবর রহমান জানান, ১৯৯৬-৯৭ অর্থবছর থেকে পরবর্তী কয়েক বছরে পাট কেনার জন্য ৯২ কোটি টাকা ঋণ নিয়েছিলেন সনজিত কুমার। সুদে-আসলে এখন এটি শত কোটি টাকা ছাড়িয়ে গেছে। অর্থ পরিশোধ না করায় ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদক খুলনার উপ-সহকারী পরিচালক মোশাররফ হোসেন সনজিত কুমার ও ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৮ আগস্ট দুদকের ওই কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেন।
মামলার অন্য আসামিরা হলেন- সোনালী ব্যাংক দৌলতপুর শাখার গোডাউন কিপার মতিয়ার রহমান, সাবেক এজিএম নজরুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মণ্ডল, সিনিয়র প্রিন্সিপাল অফিসার রুহুল আমিন, কর্মকর্তা অজিত কুমার সরকার।
অ্যাডভোকেট মজিবর জানান, সনজিত কুমার এ মামলায় দীর্ঘদিন ধরে উচ্চ আদালতের জামিনে ছিলেন। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাঁকে নিম্ন আদালতে পাসপোর্ট জমা দিতে নির্দেশ দেন। সনজিত কুমার পাসপোর্ট জমা না দিয়ে র্যাতব জব্দ করেছে বলে আদালতকে জানান। পরবর্তী সময়ে র্যা ব পাসপোর্ট জব্দ করেনি বলে নিশ্চিত হয় দুদক। গতকাল শুনানি শেষে আদালত তাঁর জামিন বাতিল করেন।











































