Home আঞ্চলিক সাতক্ষীরার তালায় ঘেরের আইলে বিষমুক্ত সবজি

সাতক্ষীরার তালায় ঘেরের আইলে বিষমুক্ত সবজি

19

নিজস্ব প্রতিনিধি।।

সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চাষ সম্প্রসারিত হওয়ার সঙ্গে বাড়ছে ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ। সাথী ফসল হিসেবে শুরু হলেও এখন মূল ফসলের সঙ্গে পাল্লা দিচ্ছে সমানতালে। মাচায় বা ঘেরের আইলে সবজি আর নিচে পানিতে মাছ চাষ। আর এখানে উৎপাদিত সবজি পুরোটাই বিষমুক্ত। ফলে এর চাহিদাও রয়েছে দেশজুড়ে।

তালা উপজেলার বিভিন্ন এলাকার অধিকাংশ মাছের ঘেরে যতদূর চোখ যায় সবুজের হাতছানি। ঘেরের আইলের ওপরে নির্মিত সারি সারি মাচায় ঝুলছে করলা, লাউ, কুমড়া, বরবটি, চিচিঙ্গা, ধুন্দল, শসা ও তরমুজ। আইলের ওপরে রয়েছে, পুঁইশাক, কাঁচা মরিচ ও কলাগাছ।

বর্ষাকালীন সবজির পাশাপাশি আগাম শীতকালীন সবজি চাষও শুরু করেছেন অনেকে। ঘেরের আইলে সবজি চাষ লাভজনক হওয়ায় এ উপজেলার অধিকাংশ মাছের ঘেরে সবজির চাষাবাদ দিনদিন বাড়ছে। ফলে জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায়ও রফতানি হচ্ছে এসব সবজি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার ১৬৫ হেক্টর ঘেরের আইলের জমিতে এই সাথী ফসলের চাষ হয়েছে। সেইসঙ্গে কর্ম-সংস্থানের ব্যবস্থা হয়েছে শতশত দিন মজুরের।

স্থানীয় চাষি আব্দুর রহমান বাবুসহ অনেকে জানান, ঘের থেকে সবজি তুলে আশপাশের রাস্তার মোড়ে নিয়ে যায়। সেখানে বিভিন্ন এলাকার ব্যাপারীরা আসেন ক্রয় করতে। বাজার ঘাটে যাওয়ার প্রয়োজন পড়ে না। দামও ভাল পাওয়া যায়। এবার করলার চাষ একটু বেশিই হয়েছে। বর্তমানে যার বাজার মূল্য প্রায় ৫০ টাকা প্রতি কেজি। সবজি বিক্রয়ের অর্থ দিয়ে মাছের খাদ্যের ও পরিবারের চাহিদা পূরণ করেন তারা।

ব্যবসায়ীরা জানান, এ অঞ্চলের বিষমুক্ত সবজির চাহিদা রয়েছে দেশের বিভিন্ন জেলায়। জেলার চাহিদা মিটিয়ে প্রতিদিন অন্যান্য জেলায় চলে যায় টাটকা বিষমুক্ত এসব সবজি।

তালা উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, তালা উপজেলায় এবার ১৬৫ হেক্টর ঘেরের আইলে সবজি চাষ হয়েছে। এমনিতে পড়ে থাকা ঘেরের আইলের চাষ উপযোগী জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষের জন্য চাষিদের সহযোগিতার মাধ্যমে পরামর্শ দেওয়া হচ্ছে।