খুলনাঞ্চল রিপোর্ট।।
কুয়াকাটা সৈকতের ফ্রাই মার্কেটে বিশাল আকৃতির একাধিক সামুদ্রিক শামুকের দেখা মিলেছে। আর এসব শামুক দেখতে ভিড় দেখা গেছে পর্যটকদের। শনিবার সন্ধ্যায় ফিস ফ্রাই বিক্রেতা বেল্লালের দোকানে এসব শামুক দেখা মেলে।
ঐ দোকানে অন্তত ৩০টি শামুক রয়েছে। যার এক একটির ওজন এক থেকে দেড় কেজি। অনেক পর্যটক এসব শামুক এক হাজার টাকা কেজি দরে খাওয়ার জন্য ক্রয় করেন।
দোকানি বেল্লাল শনিবার বিকেলে মৎস্যবন্দর আলীপুরের এক জেলের কাছ থেকে ৬০০ টাকা কেজি দরে এই শামুক ক্রয় করেছেন বলে জানান তিনি।
বাগেরহাট থেকে আসা পর্যটক সোলায়মান বলেন, এত বড় আকৃতির শামুক এর আগে কখনো দেখিনি। একটা ফ্রাই করে খেয়েছি। খেতেও অনেক সুস্বাদু।
ঢাকা থেকে আসা পর্যটক চিনময় বলেন, আমরা বন্ধুরা মিলে কুয়াকাটায় এসেছি। এত বড় আকারের শামুক জীবনে প্রথম দেখলাম। স্বাদ নেয়ার জন্য এক হাজার টাকা কেজি হিসেবে তিনটা ক্রয় করেছি।
কুয়াকাটা সৈকতের ফ্রাই দোকানি বেল্লাল বলেন, আলীপুর বন্দরের আবুল কোম্পানির বড় ট্রলিং ট্রলারের জালে এসব শামুক ধরা পড়ে। পরে আমি খবর পেয়ে আলীপুর গিয়ে শামুকগুলো ৬০০ টাকা কেজি হিসেবে ক্রয় করে বিক্রি করছি। খেতে অনেক সুস্বাদু হওয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এই প্রজাতির শামুক সাধারণত দক্ষিণ উপকূলীয় এলাকায় তেমন একটা দেখা মেলে না। এসব শামুক গভীর সমুদ্রে বিচরণ করে।











































