Home খেলাধুলা ১৭৩ দিন পর ঘরের মাঠে জয়ের স্বাদ পেলো চেলসি

১৭৩ দিন পর ঘরের মাঠে জয়ের স্বাদ পেলো চেলসি

14

স্পোর্টস ডেস্ক।।

ঘরের মাঠে জয়ের স্বাদ যেন ভুলেই গিয়েছিল চেলসি। স্টামফোর্ড ব্রিজে শেষ কবে জয়ের আনন্দে মেতেছিল তারা সেটাই মনে করা মুশকিল। অবশেষে নবাগত লুটন টাউনকে হারিয়ে ঘরের মাঠে জয়ের স্বাদ পেলো ব্লুজরা। পরিসংখ্যান দেখলে, প্রিমিয়ার লীগে ঘরের মাঠে লন্ডনের ক্লাবটির জয়ে এসেছে ১৭৩ দিন পর। এর আগে সর্বশেষ গত ৪ঠা মার্চ স্ট্যামফোর্ড ব্রিজে লিডসের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছিল তারা।

ইংলিশ প্রিমিয়ার লীগের চলতি মৌসুমে নিজেদের তৃতীয় ম্যাচে গতকাল লুটন টাউনকে ৩-০ ব্যবধানে হারিয়েছে চেলসি। দলটির হয়ে তিন গোলেই অবদান রাহিম স্টার্লিংয়ের। নিজে জোড়া গোল করেছেন এবং বাকি গোলটি করান সতীর্থ নিকোলাস জ্যাকসনকে দিয়ে।
এদিন ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায় চেলসি। মালো গুস্তোর কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন স্টার্লিং। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

প্রিমিয়ার লীগে ঘরের মাঠে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর অপরাজিত থেকে মাঠ ছেড়েছে, গতকাল এমন ম্যাচের সংখ্যায় ১০০-এর মাইলফলক (৮১ জয়, ১৯ ড্র) স্পর্শ করলো চেলসি।
দ্বিতীয়ার্ধে নিজের জোড়া গোলের সঙ্গে দলের গোল ব্যবধানে দ্বিগুণ করেন স্টার্লিং। ৬৮ মিনিটে গুস্তোর নিচু করে বাড়ানো ক্রসে ৮ গজ দূর থেকে বল জালে পাঠান এই ইংলিশ ফুটবলার।
৭ মিনিটের ব্যবধানে আবারও গোলের দেখা পায় চেলসি।

 

জোড়া গোল করা স্টার্লিং এবার গোল করানোর দায়িত্বে। ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে তার বাড়ানো ক্রসে বাঁ পায়ের টোকায় লক্ষ্যভেদ করেন জ্যাকসন। চেলসির জার্সিতে এটাই প্রথম গোল সেনেগালের এই ফরোয়ার্ডের।