খুলনাঞ্চল ডেস্ক।।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন ঘোষণা করেছেন যে তিনি আগস্ট মাসের প্রথম দিকে পদত্যাগ করবেন এবং তার ছেলে হুন মানেতের হাতে ক্ষমতা অর্পণ করবেন। সত্তর বছর বয়স্ক হুন সেন এখন পৃথিবীর সবচেয়ে বেশি দিন ধরে ক্ষমতাসীন নেতাদের অন্যতম।
দেশটিতে একটি প্রতিযোগিতাবিহীন নির্বাচনে হুন সেনের পার্টি সবগুলো আসনে বিজয়ী হবার তিন দিন পর এ ঘোষণা এলো। খবর বিবিসির
হুন সেনের জ্যেষ্ঠ পুত্র হুন মানেত- সাম্প্রতিক কাল পর্যন্ত রাজকীয় ক্যাম্বোডিয়ান সেনাবাহিনীর কম্যাণ্ডার ছিলেন, এবং তাকে অনেক দিন ধরেই ভাবী প্রধানমন্ত্রী হিসেবে গড়ে তোলা হচ্ছিল।
রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিশেষ সম্প্রচারে হুন সেন বলেন, ‘আমি ঘোষণা করছি যে আমি আর প্রধানমন্ত্রীর পদে থাকবো না, এবং জনগণকে এ বিষয়টি উপলব্ধি করতে বলছি।’
তিনি বলেন, তিনি পদত্যাগ করছেন- কারণ এ পদে রয়ে গেলে তা অস্থিতিশীলতা সৃষ্টি করবে।
তবে হুন সেন ক্ষমতাসীন ক্যাম্বোডিয়ান পিপলস পার্টির নেতার পদে রয়ে যাবেন, যার ফলে- রাজনৈতিক বিশ্লেষকদের মতে- তার হাতেই চূড়ান্ত নিয়ন্ত্রণ থেকে যাবে।











































