Home খেলাধুলা ‘ড্রেসিংরুমের পরিবেশ ভালো’

‘ড্রেসিংরুমের পরিবেশ ভালো’

11

ক্রীড়া প্রতিবেদক।।

আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হেরে যাওয়ার পর দিন হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। একদিন পরই অবশ্য প্রধানমন্ত্রীর নির্দেশে অভিমান ভাঙ্গে। অবসরের ঘোষণা প্রত্যাহার করে নেন দেশের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। তবে সিরিজ চলাকালীন তামিমের অনাকাক্সিক্ষত এ ঘটনায় খেলোয়াড়দের মনোসংযোগে ব্যাঘাত হওয়াটা স্বাভাবিক। দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে দাপুটে জয়ে হোয়াইওয়াশ এড়ান টাইগাররা। ড্রেসিংরুমের পরিবেশ কেমন; টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে জানার কৌতূহল ছিল সবার। গতকাল সিলেটে সাকিব আল হাসান জানালেন, ড্রেসিংরুমের পরিবেশ সবসময়ই ভালো আছে। তিনি বলেন, ‘বাইরে থেকে অনেক সময় অনেক কিছু মনে হতে পারে। ড্রেসিংরুম আমার কাছে কখনই মনে হয়নি যে আমরা আনসেটেলড ছিলাম কিংবা এখনো আছি। পরিবেশ তো আমি সবসময়ই মনে করি ভালো আছে। অবশ্যই ফলের কারণেই আপনারা সবসময় চিন্তা করবেন যে, ড্রেসিংরুমের অবস্থা ভালো নাকি খারাপ। তবে আমার কাছে মনে হয় না যে, ড্রেসিংরুমের পরিবেশ খুব একটা পরিবর্তন হয় আমরা জিতি বা হারি সেটির ওপর। আমাদের এখন চেষ্টা থাকে সবসময় প্রতিদিন কীভাবে নিজেদের উন্নতি করতে পারি এবং সেই হিসাবে দলের হয়ে পারফরম করতে পারি ও দলে অবদান রাখতে পারি।’

ওয়ানডে সিরিজে আফগানিস্তানের রশিদ খান, মুজিব-উর রহমানদের স্পিনের সামনে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। টি-টোয়েন্টিতেও তাদের বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হতে পারে স্বাগতিক ব্যাটসম্যানদের। তবে প্রতিপক্ষ দলের স্পিনারদের নিয়ে ভাবনা নেই বলেই জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা কাউকে নিয়ে আমরা চিন্তা করছি না। আমাদের দলও কোনো একজন ব্যাটসম্যান বা বোলারের ওপর ভরসা করে নেই। আমরা চাই যেন দলীয়ভাবে পারফরম করি, যেটির মাধ্যমে যেন জয়লাভ করতে পারি। আমাদের ইনটেনশন একই রকম রাখার চেষ্টা করব আমরা।’

সাকিব জানান, সেরা কম্বিনেশন নিয়েই তারা মাঠে নামতে চান। তিনি বলেন, ‘আমার এবং কোচের পক্ষ থেকে নির্দেশনা থাকবেÑ সবাই যেন প্রস্তুত থাকে। যেহেতু এমন একটা পরিস্থিতি যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, সংক্ষিপ্ত ম্যাচ হতে পারে…। আমাদের ওপেন থাকতে হবে। টসের আগমুহূর্তে কেবল আমরা জানতে পারব কত ওভারের ম্যাচ হচ্ছে এবং সেভাবে একাদশ সাজানোর চেষ্টা করব।’

এদিকে আফগানিস্তান সিরিজের শেষ ওয়ানডেতে নতুন এক কীর্তি গড়েছেন সাকিব। প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের মালিক এখন বাংলাদেশের অলরাউন্ডার। সাকিব জানান, যে কোনো মাইলফলকই প্রেরণা জোগায়। তিনি বলেন, ‘এ রকম কিছু হলে তো অবশ্যই নিজের কাছে ভালো লাগবে, আরও বেশি প্রেরণা কাজ করে ভালো করার জন্য। তবে আলটিমেটলি কতটা ভালো লাগতে পারে, এটি হয়তো অবসরের পর বুঝতে পারব। আমি যেটা সবসময় বলে থাকি যে, দলের জন্য অবদান রাখতে চাই এবং যেহেতু দুটি দিক (ব্যাটিং ও বোলিং) আমার আছে এবং দুদিকে অবদান রাখতে পেরেছি এটি অবশ্যই আমার কাছে ভালো লাগার একটা জিনিস।’ বিশ^কাপে বড় কিছু করার স্বপ্ন সাকিবের। তিনি বলেন, ‘লক্ষ্য আসলে জানি না, বিশ্বকাপ পর্যন্ত চেষ্টা করব যত বেশি অবদান রাখতে পারি এবং তখন পরের ধাপের পরিকল্পনা করতে পারব।’