ঢাকা অফিস।।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভোট বাতিল বা স্থগিতের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা নির্বাচনব্যবস্থা ধ্বংস করার আরেকটি পদক্ষেপ। সরকার ইতোমধ্যে দেশের নির্বাচনব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে। এখন নির্বাচন কমিশনকে একটি নখদন্তহীন পুতুল প্রতিষ্ঠানে পরিণত করছে সরকার।
গতকাল বুধবার এক বিবৃতিতে মান্না আরও বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান হলেও বর্তমান অনির্বাচিত ক্ষমতাসীনরা এটিকে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে। নির্বাচন কমিশনকে সরকার নিজেদের অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখার মাধ্যম হিসেবে ব্যবহার করছে। তারা সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে ভোট ডাকাত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু এবার সরকার নির্বাচন কমিশনের ক্ষমতা আইন করে খর্ব করার চেষ্টা করছে। যাতে কখনো একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হলেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে, সরকার যাচ্ছেতাইভাবে কমিশনকে ব্যবহার করতে পারে।
মান্না বলেন, এভাবে একের পর এক দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে সরকার দেশে সম্পূর্ণ অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের পুরোপুরি প্রত্যাখ্যান করবে, এটা তারা জানে। এ জন্যই অবৈধ রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে দেশের গণতন্ত্রকে, জনগণের সকল মৌলিক, সাংবিধানিক অধিকারকে খর্ব করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার পাঁয়তারা করছে।
তিনি বলেন, দখলদার সরকারের দিন শেষ হয়ে আসছে। তারা পালানোর পথ খুঁজছে। সারা পৃথিবী তাদের প্রত্যাখ্যান করেছে।











































