বিনোদন ডেস্ক।।
আবারও কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিতের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নতুন এ ছবিটির নাম ‘দশম অবতার’। এই ছবির মাধ্যমেই টানা ৫ বছর পর আবার এক হচ্ছেন এই দুজন।
কলকাতার বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, এই ছবিতে জয়া যে চরিত্রে অভিনয় করবেন, সেটার জন্য সৃজিতের প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। তবে সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। তাই মাতৃত্বের দিক বিবেচনায় তার পরিবর্তে জয়াকে বেছে নিলেন নির্মাতা।
এর কারণ জানিয়ে সৃজিত বলেছেন, ‘‘প্রথমত, শুটিংয়ে সময় দিতে পারছে জয়া। শিডিউল অ্যাভেইলেবল আছে। দ্বিতীয়ত, অভিনয় দক্ষতা। তৃতীয়ত, শেষ কয়েক বছরের পারফর্মেন্স। আমরা যদি ওর ক্যারিয়ারগ্রাফ দেখি, ‘রবিবার’ হোক বা ‘বিনিসুতোয়’, বা ‘অর্ধাঙ্গিনী’ তার কাজ অসম্ভব প্রশংসিত হয়েছে। এছাড়া অতীতে সফল কোলাবোরেশনের ইতিহাস আছে- ‘রাজকাহিনি’, ‘এক যে ছিল রাজা’; এসব বিচার করেই জয়াকে বেছে নেয়া।’’
কিন্তু চরিত্রটির জন্য জয়া কেন প্রথম পছন্দে ছিলেন না? এর উত্তরে সৃজিত বলেন, “শুভশ্রী ছাড়া এই চরিত্রটি আর কেউ করতে পারতো না, তা নয়। শুভশ্রীর সঙ্গে এর আগে একবারও কাজ করা হয়নি আমার। ‘পরিণীতা’ বা ‘ইন্দুবালা’য় অপূর্ব অভিনয় করেছে সে। তাই একসঙ্গে কাজ করতে চেয়েছিলাম।”
জানা গেছে, ‘দশম অবতার’ সিনেমায় আরও অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতা। শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের পশ্চিমবঙ্গ যাত্রা শুরু হয় ২০১৫ সালে সৃজিতের তৈরি রাজকাহিনির মাধ্যমে। তারপর একে একে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এরমধ্যে সৃজিত তার জয়ার প্রেমের গুঞ্জনও শোনা যায়। তবে সেসব দুজনের কেউই স্বীকার করেননি।
শুরুটা ২০১৫ সালে, ‘রাজকাহিনি’ দিয়ে। তখনও টলিউডে নিজের অবস্থান পাকা করতে পারেননি অভিনেত্রী। তবে সেই ছবি দিয়েই বাজিমাত করেন। তার সাহসী অভিনয়ে প্রশংসায় পঞ্চমুখ হয় দর্শক-সমালোচক সকলে। এরপর নানান ছবিতে কলকাতার সিনেমায় নিজেকে মেলে ধরেন, দখল করেন প্রথম সারির অবস্থান।











































