Home জাতীয় ঢাকা-১৭: ভোটের আমেজ নেই: হামলার শিকার হিরো আলম

ঢাকা-১৭: ভোটের আমেজ নেই: হামলার শিকার হিরো আলম

27

ঢাকা অফিস।।
আর মাত্র ১১ দিন পর ভোট ঢাকা-১৭ আসনে। তবে ভোটের আমেজ নেই খুব একটা। প্রচার-প্রচারণা জোরেশোরে শুরু হয়নি। গতকাল প্রচারণায় নেমেই হামলার শিকার হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম হিরো আলম। মহাখালীর সাততলা
বস্তিতে প্রচারণা চালাতে গিয়ে তিনি বাধার মুখে পড়েন। তাকে বস্তিতে প্রবেশ করতে বাধা দেয়া হয়। এ সময় স্থানীয়দের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে হিরো আলম সেখান থেকে চলে আসেন। পরে তিনি অভিযোগ করেন তার কর্মীদের ওপর আওয়ামী লীগের লোকজন হামলা করেছে। ঢিল ও জুতা নিক্ষেপ করেছে।

ফেসবুকে হামলার প্রসঙ্গে এক ভিডিওতে হিরো আলম বলেন, আওয়ামী লীগের লোকজন আমাদেরকে এখানে ঢুকতে দেয়নি।

তারা মহিলা বাহিনী দিয়ে আমাদেরকে হামলা করার চিন্তা করছে। তারা মনে করেছেন, মহিলা বাহিনী আমাদের ওপর হামলা করবে। আর আমরা তাদের গায়ে হাত দেবো এবং তারা এটাকে কেন্দ্র করে আমাদের ওপর হামলা করবে। আর ওই এলাকায় মহিলারা আমাদের কর্মীদের ইট ও জুতা মেরেছে এবং ধাক্কাধাক্কি করেছেন। সেখানে আওয়ামী লীগের লোকজন ঘোরাঘুরি করতে ছিল। সবাই জয় বাংলার স্লোগান দিয়েছেন।
ওদিকে গতকাল রাজধানীর গুলশান, বনানী ও মহাখালী এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকায় নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কোনো আগ্রহ নেই। আর বেশির ভাগ এলাকায় প্রার্থীদের ব্যানার, পোস্টার এবং বিলবোর্ডও দেখা যায়নি। শুধুমাত্র আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাতের নৌকার পোস্টার দেখা গেছে কিছু কিছু এলাকায়।
মহাখালী টিবি গেটে ২০নং ওয়ার্ডের ভোটার মো. জাকির হোসেনের সঙ্গে কথা হয় মানবজমিনের। তিনি বলেন, আমার কাছে কোনো নির্বাচন মনে হচ্ছে না। কারণ এই নির্বাচনে কোনো আনন্দ ও আমেজ পাওয়া যাচ্ছে না। নির্বাচন হলেই মানুষ রাস্তায় নামবে। কিন্তু সেটা এই নির্বাচনে দেখা যাচ্ছে না।

ব্যালট পেপারের মাধ্যমে এবার উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে জানতে চাইলে জাকির বলেন, ব্যালট পেপারে ভোট হলে ভালো হবে। এতে চুরি করার সম্ভাবনা কম।
এদিকে গতকাল সকাল ১০টায় কালাচাঁদপুর, নর্দ্দা ও শাহজাদপুর এলাকায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত গণসংযোগ করেছেন। এ সময় মোহাম্মদ আলী আরাফাত বলেন, ঢাকা-১৭ আসনের মাটি নৌকার ঘাঁটি। ইতিমধ্যে আমরা ১৭ আসনের আওতাধীন এলাকাভিত্তিক সকল সমস্যা চিহ্নিত করেছি। আমি নির্বাচিত হলে ধাপে ধাপে সকল সমস্যার সমাধান করবো। আর নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

সকাল সাড়ে ১১টার দিকে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গণসংযোগ করেন ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী মেজর (অব.) সিকদার আনিসুর রহমান। এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, নির্বাচন পরিচালনায় দায়িত্বে যারা আছেন- তারা ভালো নির্বাচন করতে চাচ্ছেন। আমি উনাদের দোষারোপ করবো না। কিন্তু অতি উৎসাহী যারা আছেন, তারা তাদের (সরকার) নিয়ন্ত্রণে নাই। আর মাঠে এসে দেখলাম যে, অনেকে আইন মানেন না। কারণ তারা আইন জানেন না। যদি এগুলো নিয়ন্ত্রণে আনা যায় তাহলে সুন্দর নির্বাচন হবে।

নিয়ন্ত্রণ যদি আনতে না পারে তাহলে কি শেষ পর্যন্ত নির্বাচন করবেন- এই প্রশ্নের জবাবে সিকদার আনিসুর রহমান বলেন, আমার তো আর কোনো পথ নাই। নির্বাচনে যেহেতু এসেছি, তাই শেষ দিন পর্যন্ত দেখতে হবে।
গুলশান-১ শপিং সেন্টারের দোকানদার মো. জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনের বিষয়ে আমি কিছু জানি না। এই নির্বাচনে কোনো পোস্টার এবং ব্যানারও নেই। আর কে কে প্রার্থী, এটা কেউ জানেনও না। আমি ১৯নং ওয়ার্ডের ভোটার। আমি নিজেই জানি না যে, প্রার্থী কারা!

নির্বাচন কেমন হবে- জানতে চাইলে আব্দুল কাশেম বলেন, আমি কয়েক বছর ধরে ভোট দিতে যাই না। কাজ করি আর খাই। এর বাইরে আর কিছু করার সুযোগ নেই।

এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আকতার হোসেন (ছড়ি), জাকের পার্টির কাজী রাশিদুল হাসান (গোলাপ ফুল) ও তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ)। এ ছাড়া একমাত্র স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (একতারা)।
তফসিল অনুযায়ী আগামী ১৭ই জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।