ঢাকা অফিস।।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বর্তমান নিশিরাতের সরকারের ভয়াবহ দুঃশাসনের ফলে এই পবিত্র ঈদেও মানুষের মনে কোন আনন্দ নেই। চাল, চিনি, তেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা। ঈদের দিনেও অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে দেশের মানুষ।’
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘অবৈধ এই সরকারের বিরুদ্ধে সারাদেশের মানুষ জেগে উঠেছে। বিএনপির সমাবেশে সাধারণ মানুষ দলে দলে যোগ দিচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই এ সরকারের পতন ঘটবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় হবে।’
মিছিলে আরও অংশ নেন অধ্যাপক সাইফুল ইসলাম, সাবেক ছাত্র নেতা সঞ্জয় দে রিপন, আমান উল্লাহ আমান, ইমাম হোসেন, রাশেদুল আমিনসহ কয়েকশ নেতা-কর্মী। বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল নাইটিঙ্গেল মোড় হয়ে আবার কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।











































