স্পোর্টস ডেস্ক।।
ঢাকা নারী প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে রূপালী ব্যাংক। গেল আসরে শিরোপার কাছাকাছি গিয়ে ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি রূপালী ব্যাংক। এবার জ্যোতির হাত ধরে শিরোপা জিতল দলটি।
এবারের লিগের সপ্তম রাউন্ডে এসে চলল শিরোপা উঁচিয়ে ধরার লড়াই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের সঙ্গে রূপালী ব্যাংকের পয়েন্ট ছিল যথাক্রমে ১৩ ও ১২। ফলে শেষ রাউন্ডে দুই দলের মুখোমুখি লড়াই মঙ্গলবার ছিল অঘোষিত ফাইনাল। শিরোপা উচিয়ে ধরার লড়াইয়ে মোহামেডানকে ৫৩ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলে নিয়েছে জ্যোতির রূপালী ব্যাংক।
বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাট করে রূপালী ব্যাংক অলআউট হয় ১৯৬ রানে। সর্বোচ্চ ৬৯ রান মুক্তা রবীন্দ্র মাগ্রের ব্যাটে। জবাবে ১৪৩ রানে গুটিয়ে যায় সালমা খাতুনের মোহামেডান।
রুপালী ব্যাংকের দুই ওপেনার ফারজানা আক্তার ও ফারজানা হক পিংকির (২৮ বলে ১৩) জুটি থামে দলীয় ২৬ রানে। তিন নম্বরে নেমে দ্রুত ফিরেছেন অধিনায়ক জ্যাতিও (১৮ বলে ১৩)। খাদিজাতুল কুবরার টানা তৃতীয় শিকার হয়ে রিতু মনি আউট হন ৩ রান করে। রুমানা আহমেদ আউট করেন ৩৫ রান করা ওপেনার ফারজানা আক্তারকে।
৭৪ রানে ৪ উইকেট হারানো রূপালী ব্যাংককে এরপর টেনে নেন মুক্তা ও তাজিয়া আক্তার। ভারতীয় মুক্তা মাগ্রে ৬৯ রানের ইনিংসটি সাজান ৯০ বলে ৬ চারে। তাজিয়ার ৩৬ রান আসে ৪৩ বলে ২ চারের সাহায্যে।
মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন খাদিজাতুল কুবরা, ৩ উইকেট নেন সালমা খাতুন। লক্ষ্য তাড়ায় নেমে মোহামেডান শুরু থেকেই বিপাকে। ওপেনার জেসিয়া আক্তার করেন ১৯ রান। তিন নম্বরে নেমে সানজিদা ইসলাম করেন ১৪ রান। আগে পরে বাকিদের ব্যর্থতার ভীড়ে ৪৬ রান আসে আয়েশা রহমানের ব্যাটে। অধিনায়ক সালমা ১৯ রান করে কমিয়েছেন পরাজয়ের ব্যবধান।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানকে ১৪৩ রানে আটকে দেওয়ার পথে সর্বোচ্চ ৩ উইকেট রিতু মনির। দিপা খাতুন নেন ২ উইকেট।











































