Home খেলাধুলা মিরপুরে বাংলাদেশের সামনে কোন চ্যালেঞ্জ, জানালেন লিটন

মিরপুরে বাংলাদেশের সামনে কোন চ্যালেঞ্জ, জানালেন লিটন

24

স্পোর্টস ডেস্ক।।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম সবসময়ই মন্থর ও নিচু ঘরানার ছিল। এখানকার উইকেটে বরাবরই সাহায্য পেয়ে আসছেন স্পিনাররা। লাল বলের সংস্করণে এই মাঠে ২১ ম্যাচে ৭৬ উইকেট সাকিব আল হাসানের। তাইজুল ইসলাম ১৩ ম্যাচে ৬৭ ও মেহেদী হাসান মিরাজ মাত্র ৯ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন। সেখানে ২০ উইকেটও নেই পেসারদের।

তবে আফগানিস্তানের বিপক্ষে ১৪ জুন এই মাঠে অনুষ্ঠেয় একমাত্র টেস্টের জন্য প্রস্তুত করা হয়েছে সবুজ ঘাসের উইকেট। সবসময় এই মাঠে স্পিন উইকেটে খেলে আসা বাংলাদেশের সামনে তাই অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। যদিও সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে সাকিবের চোটে বাংলাদেশের অধিনায়কত্ব পাওয়া লিটন দাস।

লিটন বলেন, ‘অনেক দিন ধরেই মিরপুরে স্পিন উইকেটেই বেশিরভাগ খেলা হয়। আমাদের এখন এটাই চ্যালেঞ্জ যে আমরা ঘাসের উইকেটে কীভাবে ভালো খেলি৷ এটাই এখন দেখার বিষয়, আমরা এখানে কীভাবে টিকে থাকতে পারি, বড় ইনিংস খেলতে পারি।’

আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি সংবাদ সম্মেলনে বলেছিলেন, সবুজ উইকেটেও আপত্তি নেই তাদের। যেকোনো কিছুর জন্য প্রস্তুত তারা। দলের পেসারদের ওপর তার অনেক ভরসা। তবে নিজ দলের পেসারদের ওপর আস্থা আছে লিটনেরও।

লিটন বলেছেন, ‘আফগানিস্তানের মতো দলের বিপক্ষে সবুজ উইকেটেই খেলতে চাই। আফগানিস্তানের অধিনায়ক যেটা বলেছে (পেসারদের ওপর আস্থার কথা), আমাদের হাতেও বেশ ভালো পেস আক্রমণ আছে।’