স্পোর্টস ডেস্ক।।
ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে গত কয়েক মাস ধরে আন্দোলন করছেন দেশটির আন্তর্জাতিক পদকপ্রাপ্ত কুস্তিগিরেরা। তাদের দাবি, ব্রিজভূষণের পদত্যাগ ও বিচার। কিন্তু এখনও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় আন্দোলন চলছেই।
ব্রিজভূষণের বিরুদ্ধে বড় অভিযোগ ছিল, তিনি নাকি দুই নারী কুস্তিগিরকে যৌন হেনস্তা ও অন্যায় ভাবে তাদের বুকে স্পর্শ করেছেন। এবার সেই দুই নারী কুস্তিগিরকে অভিযোগেরই প্রমাণ দিতে নির্দেশ দিল দিল্লি পুলিশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
প্রতিবেদন অনুযায়ী ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ তাদের যে অন্যায় ভাবে আলিঙ্গন করেছে তার স্বপক্ষে ছবি বা ভিডিও পুলিশকে দেখাতে হবে। যেটা দেখে প্রমাণিত হতে পারে ব্রিজভূষণ অন্যায় করেছেন।
এর আগে গত ২১ এপ্রিল দুই নারী কুস্তিগির দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ব্রিজভূষণের নামে। তাদের সাথে যৌন হয়রানি, স্তনে হাত দেওয়া এবং খারাপ আচরণ করা হয়। এই ঘটনা ঘটে ওয়ার্ম আপ ম্যাচে এবং নয়া দিল্লির ডব্লুএফআই অফিসের মধ্যে। দুই নারী কুস্তিগিরের কথায় উঠে এসেছে একাধিক ঘটনা।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দিল্লির একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ৯১ নং ধারা অনুযায়ী ৫ জুন নারী কুস্তিগিরদের একটি নোটিশ পাঠানো হয় এবং তাদের কাছে একদিন সময় দেওয়া হয় সব প্রমাণ পেশ করার জন্য। কিন্তু একজন নারী কুস্তিগির দাবি করেন তার কাছে ব্রিজভূষণের নামে যে প্রমাণ ছিল তা ইতোমধ্যেই তারা পেশ করেছেন। তবে পুলিশ এখন সেই প্রমাণের বিবরণ দিতে বলেছে। সেই অভিযুক্ত ঘটনার দিন এবং সময়, এই সব তথ্য পেশ করতে বলেছে।
এছাড়াও পুলিশ একজন কুস্তিগির ও তার আত্মীয়কে আলাদা ভাবে নোটিশ পাঠান। যারা অভিযোগ করেছিল ব্রিজভূষণের নামে থানায় অভিযোগ দায়ের পর তাদের কাছে হুমকির ফোন আসে। এখন সেই ফোন কলেরই রেকর্ডিং বা অডিও চাইছে পুলিশ। এই নোটিশ পাঠিয়েছেন কনট প্লেস থানার নিযুক্ত তদন্তকারী কর্তা।
অভিযোগকারী নিারী কুস্তিগিররা শনিবার থানায় অভিযোগ জানিয়েছেন, তাদেরকে নাকি মত বদলাতে বাধ্য করা হচ্ছে। আর এজন্য তাদেরকে চাপেও রাখা হচ্ছে। তবে কুস্তিগিরদের দাবি ১৫ জুনের মধ্যে যদি ব্রিজভূষণের কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ফের তারা প্রতিবাদ শুরু করবেন। কারণ প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছিল ১৫ জুনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এই কারণেই তারা কিছুদিনের জন্য প্রতিবাদ বন্ধ রাখেন। প্রতিবাদকারী কুস্তিগিরদের মধ্যে অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক অভিযোগ করেন, ভুক্তভোগীদের সমস্যায় ফেলার জন্য এইসব করা হচ্ছে।











































