Home খেলাধুলা বিশ্বকাপের খসড়া সূচি: ভারত-পাকিস্তানের ম্যাচ মোদি স্টেডিয়ামেই

বিশ্বকাপের খসড়া সূচি: ভারত-পাকিস্তানের ম্যাচ মোদি স্টেডিয়ামেই

21

স্পোর্টস ডেস্ক।।

চলতি বছরের অক্টোবরে ভারতে বসছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। তবে এখনো চূড়ান্ত হয়নি বিশ্বকাপের সূচি। যদিও একটি খসড়া সূচি আইসিসির কাছে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই। খসড়া সূচিটি অংশগ্রহণকারী দেশগুলোর কাছে তাদের মতামত দেওয়ার জন্য পাঠাবে আইসিসি। আাগামী সপ্তাহের মধ্যে সূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে খসড়া সূচি অনুযায়ী বাংলাদেশের দুইটি ম্যাচের তারিখ ও ভেন্যু সম্পর্কে জানা গেছে। অক্টোবরের ৫ তারিখে শুরু হওয়া টুর্নামেন্টটিতে ভারতে বিপক্ষে ১৯ অক্টোবর খেলবে বাংলাদেশ। ম্যাচটি পুনেতে অনুষ্ঠিত হতে পারে। এদিনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হতে পারে ৩১ তারিখ। সেটি অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতায়।

বিশ্বকাপে ১০ দলের অংশগ্রহণে খেলাটি হবে রাউন্ড রবিন লিগে। যেখানে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। খসড়া সূচি অনুযায়ী, ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। ভারত তাদের টুর্নামেন্ট শুরু করবে ৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে। আসরের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ১৫ অক্টোবর, প্রায় ১ লক্ষ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এশিয়া কাপের জটিলতা চলাকালে এই স্টেডিয়ামে খেলার ব্যাপারে আপত্তি জানিয়েছিল পাকিস্তান। তবে ভারত হাইব্রিড মডেল মেনে নেওয়ায় স্টেডিয়ামটিতে খেলার ব্যাপারে আপত্তি তুলে নেয় পিসিবি।

টুর্নামেন্টের সেমিফাইনাল দুটির ভেন্যু এখনো ঠিক হয়নি। আগামী নভেম্বরের ১৫ ও ১৬ তারিখে ম্যাচ দুটি হতে পারে। তবে ফাইনাল হবে আহমেদাবাদে, ১৯ নভেম্বর।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, গ্রুপপর্বে ভারত ৯টি দলের বিপক্ষে আলাদা নয়টি ভেন্যুতে খেলবে। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর পর দ্বিতীয় ম্যাচ খেলবে দিল্লিতে, আফগানিস্তানের বিপক্ষে ১১ অক্টোবর। ওই মাসের ১৫ তারিখে পাকিস্তান ও ১৯ তারিখে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হতে পারে দলটির। এছাড়া ২২ অক্টোবর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে, ২৯ অক্টোবর লক্ষ্ণৌয়ে ইংল্যান্ডের বিপক্ষে, ২ নভেম্বর মুম্বাইয়ে বাছাইপর্ব খেলে আসা একটি দলের বিপক্ষে, ৫ নভেম্বর কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং গ্রপপর্বের সর্বশেষ ম্যাচ বাছাইপর্ব থেকে উঠে আসা আরেকটি দলের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে খেলবে।

পাকিস্তানের খেলা হতে পারে মোট পাঁচটি ভেন্যুতে। অক্টোবরের ৬ এবং ১২ তারিখে বাছাইপর্ব খেলে আসা দুইটি দলের বিপক্ষে হায়দ্রাবাদে খেলবে তারা। অক্টোবরের ২০ তারিখে ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, চেন্নাইয়ে ২৩ অক্টোবর আফগানিস্তান এবং ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ৩১ তারিখ কলকাতায় বাংলাদেশের বিপক্ষে, ব্যাঙ্গালুরুতে নভেম্বরের ৫ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে নভেম্বরের ১২ তারিখে খেলবে পাকিস্তান।

অন্যান্য বড় ম্যাচের মধ্যে, ধর্মশালায় ২৯ অক্টোবর মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এছাড়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মহারণ হবে আহমেদাবাদে, নভেম্বরের ৪ তারিখে।