Home আঞ্চলিক কালীগঞ্জের ঐতিহ্যবাহী কাঁঠাল হাটে ক্রেতা সঙ্কট

কালীগঞ্জের ঐতিহ্যবাহী কাঁঠাল হাটে ক্রেতা সঙ্কট

49

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
চলছে মধুমাস জৈষ্ঠ্য। অধিকাংশ মৌসুমী ফল এ সময়টাতেই পাওয়া যায়। বর্তমানে বাজারে রসালো আম, জাম, আনারস কাঁঠালসহ বিভিন্ন সুমিষ্ট রসালো ফলে ছড়াছড়ি। এরমধ্যে বছরটিতে এ এলাকায় প্রচুর পরিমানে আম উৎপাদন হয়েছে। আবার ফলের আড়ৎগুলোতে ধেয়ে আসছে অন্য জেলার আমও। ফলে বিগত বেশ কয়েক বছরের মধ্যে এ বছর আমের দাম কম হওয়ায় বিক্রি বেড়ে গেছে। যা আরও কিছুদিন চলবে। কিন্ত কিছুদিন আগে থেকে শুরু হওয়ায় চলমান প্রচন্ড তাপদাহে আরেক বানিজ্যিক ও জাতীয় ফল কাঁঠাল কেউ খেতে চাচ্ছে না। ফলে অন্য বছরের তুলনায় কাঁঠাল বিক্রি ও দাম অর্ধেকে নেমে এসেছে। এমন অবস্থা বিরাজ করছে দেশের মধ্যে কাঁঠাল উৎপাদনের অন্যতম এলাকা ঝিনাইদহ কালীগঞ্জের ঐতিহ্যবাহী কাঁঠাল হাটে। এতে কাঁঠাল চাষী ও আগে থেকে বাগান ধরে কেনা স্থানীয় কাঁঠাল ব্যবসায়ীরা বছরটিকে লোকসানের বছর ধরে নিয়েছেন।
কালীগঞ্জ কৃষি অফিসসূত্রে জানাগেছে, এ বছর উপজেলাটিতে প্রায় ৩৭০ হেক্টোর জমিতে বানিজ্যিকভাবে আমের চাষ করা হয়েছে। আর ১০০ হেক্টোর জমিতে কাঁঠালের চাষ হয়েছে। বছরটিতে প্রচুর পরিমানে আম ধরলেও কাঁঠাল ধরেছে কম।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গেলে দেখা যায়, এখনও গ্রামাঞ্চালে পর্যাপ্ত পরিমানের আম গাছে গাছে ঝুলছে। কাঁঠালও রয়েছে সমানে। তবে বাজারে কম দামে হলেও আম বিক্রি হচ্ছে। কিন্ত কাঁঠালের বাজারে বাইরের পাইকারী ক্রেতা সঙ্কট হওয়ায় কৃষকেরা অন্য বছরের মত বিক্রি করতে পারছেন না। আবার পাকা শুরু করায় গাছেও রাখতে পারছেন না। যে কারনে এ বছর কাঁঠাল নিয়ে পড়েছেন চরম বিপাকে। অন্যরুপভাবে আগে থেকে কাঁঠালের বাগান ধরে কেনা স্থানীয় ব্যবসায়ীরাও কেনা দামের চেয়ে অনেক কমে কাঁঠাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

একাধিক ফলচাষী জানান,কাঁঠালের তুলনায় পাকা আম একটু আগে থেকেই বাজারে আসে। তবে বানিজ্যিকভাবে চাষ করা নানা প্রজাতির আম পাকার সময়টাও ভিন্ন। এখন আম্রপালি,মল্লিকা, ল্যাংড়া,ফজলিসহ বেশ কিছু জাতের আম বাজারে ভরা। গাছেও রয়েছে সমানে। এছাড়াও অন্য সুস্বাদু ফল আনারস ফল বাজারে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের ভাষ্য,অন্য বছরের তুলনায় এ বছর আম ও আনারসের যোগান কয়েকগুন বেশি। ফলে আম আনারসের চাপ পড়েছে কাঁঠালে। এছাড়াও সম্প্রতি প্রচন্ড গরমে অন্য ফল বিক্রি বাড়লেও কাঁঠাল বিক্রি নেই বললেই চলে।
দিলীপ কুমার নামের স্থানীয় কাঁঠাল ব্যবসায়ী বলেন, এ অঞ্চলের কাঁঠাল অনেক আগে থেকে ঢাকা, চট্রগ্রাম, গোপালগঞ্জ, মাদারিপুর, শিবচর, বাগেরহাট, সাতক্ষীরা,বরিশাল, বরগুনা,টেকেরহাটসহ বিভিন্ন অঞ্চলের ব্যাপারী এসে কিনে নিয়ে যায়। কিন্ত এ বছর অল্প সংখ্যক ব্যাপারী কাঁঠাল কিনতে আসছেন। তারা বলছেন বেশ কিছুদিনের চলমান তাপদাহে এবছর মানুষের মধ্যে কাঁঠালের চাহিদা নেই।

গান্না বাজার থেকে আসা স্থানীয় কাঁঠালের ব্যাপারী সাইদুর রহমান, আহম্মদ আলী জানান, বছরটিতে গাছে কাঁঠাল ধরেছে কম। সে কারনে চাহিদা হবে ভেবে বেশ চড়া দামে তারা কাঁঠালের বাগান কিনেছিলেন। এতে প্রতিপিচ মাঝারি ধরনের কাঁঠাল ৭০ টাকা দরে কিনেছেন। ঐতিহ্যবাহী কালীগঞ্জ শহরের কাঁঠালের হাটে বাজারে আনতে প্রতিপিচ কাঁঠালে আরও ২০ টাকা খরচ ও হাটের খাজনা মিলে প্রায় ১০০ টাকা পড়েছে। কিন্ত বাইরের ব্যাপারীদের কাছে প্রতিপিচ ৬০ টাকা দরে বিক্রি করে লোকসান গুনে বাড়ি ফিরতে হয়েছে। তারা আরও বলেন,এ অঞ্চলের কাঁঠাল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলার পাইকাররা কিনে নিয়ে গেলেও এ বছর প্রচন্ড গরমে কাঁঠালের চাহিদা না থাকায় তাদের তেমন একটা দেখা মিলছে না। কাজেই কাঠাল চাষী ও স্থানীয় ব্যবসায়ীরা লোকসানের হিসাব মেলাচ্ছেন।

উপজেলার কামালহাট গ্রামের বানিজ্যিক কাঁঠাল চাষী আব্দুল হক জানান,তার শতাধিক কাঁঠাল গাছ রয়েছে। এ বছর কাঁঠালো ধরেছিল বেশ। আশা ছিল এ বছর ৩ লক্ষাধিক টাকার কাঁঠাল বিক্রি করতে পারবেন। কিন্ত এ পর্যন্ত মাত্র ৩০ হাজার টাকার কাঁঠাল বিক্রি করতে পেরেছেন। গাছে এখনও যে কাঁঠাল আছে তা বর্তমান বাজার অনুসারে বিক্রি করলে আর ৩০ হাজার টাকা হতে পারে। তিনি জানান, এ বছর কাঁঠালের দাম না থাকায় এমনটি হয়েছে।

পটুয়াখালী থেকে আসা কাঁঠালের ব্যাপারী এরশাদ আলী ও আবু কালাম জানান, প্রতি কাঁঠালের মৌসুমে এখান থেকে কাঁঠাল কিনে নিজ জেলায় চালান দেন। এভাবে ২০ বছর ধরে ব্যবসা করছেন। তারা বলেন, বাজারে এখন আম আনারসের চাপ অনেক বেশি। তাছাড়াও প্রচন্ড গরমে কাঁঠাল কেউ খেতে চাচ্ছে না। ফলে বাজারে এ বছর কাঁঠালের বিক্রি ও দাম কমে গেছে।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান রনি জানান,জাতীয় ফল কাঁঠাল আকারে বড়,পুষ্টিগুণও অনেক বেশি। কাঁঠালের কোন অংশই অপ্রয়োজনীয় নয়। পাকা কাঠালের কোশ সুস্বাদু খাবার, বাকল গবাদি পশুর খাদ্য,বীজ ও কাচা কাঁঠাল তরকারি হিসেবে খাওয়া যায়। এ অঞ্চলের মাটি কাঁঠাল চাষের জন্য উপযোগী। কিন্ত প্রচন্ড গরমে কাঁঠাল হজম করা বেশ কঠিন। ফলে বাজারে এ বছর চাহিদা কম। এছাড়াও আমের দাম কম হওয়ায় কাঁঠালের ওপর প্রভাব পড়েছে।