Home আঞ্চলিক নীল কুঠির শেষ স্মৃতি হাজরাপুর নীল কুঠি

নীল কুঠির শেষ স্মৃতি হাজরাপুর নীল কুঠি

149

মাগুরা প্রতিনিধি।।
বিলুপ্ত হয়ে যাচ্ছে মাগুরা সদর উপজেলায় অবস্থিত নীল কুঠির শেষ স্মৃতি হাজরাপুর নীল কুঠি। ১৭৯৫ সালের দিকে যশোর জেলা থেকে বন্ডের মাধ্যমে নীল চাষ শুরু হয়। অন্যান্য স্থানের ন্যায় মাগুরা অঞ্চলে গড়ে ওঠে হাজরাপুর নীল কুঠি।
চাষিদের জমি অল্প পয়সায় বন্ধক রেখে নীল চাষ করে দিতে হতো। পরে বেশি পয়সায় খালাস করে নিতে হতো। সে সময় অনেকগুলো বড় কুঠি ছিল হাজরাপুর এলাকায়। হাজরাপুর কুঠির অধীন রাজারামপুর, লৌহজাঙ্গাসহ বেশ কয়েকটি কুঠি মিলে ছিল হাজরাপুর নীল কুঠি।

জানা যায়, ১৮০৫ সালের দিকে হাজরাপুর কুঠি স্থাপিত হয়। কুঠি সংলগ্ন প্রশস্ত এবং গভীর নবগঙ্গা নদী থাকায় এখানে বন্দর গড়ে ওঠে। বন্দর থেকে বিলেতে নেয়া হতো নীল। এই কুঠির দায়িত্বে ছিলেন জগলস সি টুইডি, জেমস টুইডি এবং টমাস সি টুইডি।

ডগলস সি টুইডির অধীনে এ অঞ্চলের শ্রমিকেরা কাজ করতে অস্বীকার করলে আসাম থেকে কিছু উপজাতি শ্রমিক নিয়ে আসে। যে জায়গায় এদের থাকার ব্যবস্থা করা হয় সে স্থানকে ডগলস এর নাম অনুসারে ডগরস নগর করা হয়।

সেখানে অনেক দালান, বড় বড় দেবদারু গাছ, ঝাউগাছ, কাঠ বাদাম গাছ, তমাল গাছ, বিলেতি খেজুর গাছসহ বিভিন্ন ধরনের গোলাপ ও অন্যান্য সুন্দর ফুল ফলের বাগান গড়ে ওঠে।

নীল গাছ পঁচাবার জন্য নির্দিষ্ট জলাশয় ছিল। ক্ষেত থেকে নীল গাছ কাটার পর নির্দিষ্ট একটা স্থানে রাখা হতো। ১৮৪০ সালের শেষের দিকে নীল চাষ ব্যাপক ভাবে শুরু হয়। এ সময় থেকে চাষিদের ওপর চরম অত্যাচার নেমে আসে।

ইংরেজরা নীল চাষ করতে বাধ্য করতো চাষিদের। চাষিরা নীল চাষ করতে অস্বীকৃতি জানালে বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হতো। নারীদের ওপর পাশবিক অত্যাচার করা হতো। আস্তে আস্তে ইংরেজদের মতলব ও অত্যাচারের বিষয় যখন জনগণ অনুভব করতে লাগল, তখন জাতি ধর্ম নির্বিশেষে প্রতিবাদী হয়ে উঠতে লাগলো সাধারণ মানুষ। সর্বত্র বিদ্রোহের আগুন জ্বলে উঠতে লাগলো। চৌগাছা থেকে প্রথম বিদ্রোহ শুরু হয়।

মাগুরা ইতিহাস ঐতিহ্য গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা গবেষক ডা. কাজী তাসুকুজ্জামান বলেন, ১৮৯৫ সালের দিকে নীল চাষ বন্ধ হয়ে যায়। তারপর এখানকার ইংরেজরা জমি বন্দোবস্ত নিতে থাকে। আস্তে আস্তে কুঠি বাড়িতে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় এখানকার জিনিসপত্র যে যেভাবে পারে আত্মসাৎ করতে থাকেন। শ্মশান পুরিতে পরিণত হলো হাজরাপুর কুঠিবাড়ি। হিংস্র সাপ বাঘের আবাস ভূমি হয়ে উঠল নীল অট্টালিকা। ইংরেজরা যে চিলে কোঠায় বসে হাওয়া খেতেন এইটুকু শুধু অবশিষ্ট ছিল তাও আজ ধ্বংসের দ্বারপ্রান্তে!

হাজরাপুর নীল কুঠিবাড়ি আজ কেবল ইতিহাস। ধারণা করা হয়, ১৯৩৫ সালের পর হাজরাপুর নীলকুঠির সব কার্যক্রম স্থগিত হয়ে যায়।