Home কলাম শিশুদের পানিতে ডুবে মৃত্যুরোধে করণীয়

শিশুদের পানিতে ডুবে মৃত্যুরোধে করণীয়

10

-মো: মেহেদী হাসান।।

 

দেশে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। আসছে বর্ষাকাল। এ সময় পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। একটি দৈনিক পত্রিকার প্রতিবেদন থেকে দেখা যায় যে ০৯ বছরের কম বয়সী শিশুর পানিতে ডুবে মৃত্যুর হার ২০২০ সালে ছিল ৬৫ শতাংশ, ২০২১ সালে ছিল ৭৩ শতাংশ যা ২০২২ সালে বেড়ে দাড়ায় ৮১ শতাংশে। আমরা সবাই জানি যে পানিতে ডুবে শিশুমৃত্যুর প্রধান কারন শিশুদের সাঁতার না শেখা। গ্রামে শিশুদের সাঁতার শেখানো সহজ হলেও শহরাঞ্চলে তা সহজ নয়। এছাড়াও গ্রাম ও শহরাঞ্চল উভয় জায়গাতেই এ ব্যাপারে জনসাধারনের অসচেতনতা রয়েছে। শিশুরা যখন হাঁটতে শেখে তখন তারা প্রায়ই এটি উপভোগ করতে চায় এবং প্রায়ই মা বাবার অলক্ষ্যে চলে যায় এবং দূর্ঘটনার শিকার হয়।

 

কোন শিশু পানিতে পড়ে গেলে শ্বাসনালী দিয়ে পানি ঢুকে শ্বাস-প্রশ্বাস বাধাগ্রস্ত হয়, ফলে শরীরে অক্সিজেন কমে যায় এবং কার্বন-ডাই-অক্সাইড বেড়ে যায়। দেরী হলে শিশুর মৃত্যু পর্যন্ত হয়। সুতরাং পানিতে পড়ে গেলে শিশুকে উদ্ধার পরবর্তী দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে হবে এবং তারপর দেরি না করে শিশুকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। কিন্তু এক্ষেত্রে কিছু কুসংস্কার চালু রয়েছে, যেমন- শিশুকে পানি থেকে তুলে মাথায় নিয়ে ঘোরানো, পেটে চাপ দিয়ে পানি বের করা, ছাই বা লবন দিয়ে শরীর ঢেকে দেওয়া, শিশুকে বমি করানোর চেষ্টা করা ইত্যাদি। অনেক সময় এগুলো করতে যেয়ে সময় নষ্ট করা হয় এবং শিশুকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়।

 

শুধু শিশুরাই নয়, বড়রাও সাঁতার না জানলে এ দূর্ঘটনার শিকার হতে পারেন। জাতিসংঘের হিসাব মতে প্রতিবছর বিশ্বে প্রায় ২.৫০ লক্ষ লোক পানিতে ডুবে মারা যায়। তাই সচেতনতা তৈরির জন্য জাতিসংঘ ২৫ জুলাইকে ‘ডড়ৎষফ উৎড়হিরহম চৎবাবহঃরড়হ উধু’ হিসাবে ঘোষণা করেছে এবং প্রতিবছর এ দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে। অত্যান্ত আনন্দের বিষয় এই যে, জাতিসংঘের এ সংক্রান্ত রেজুলেশনটি নেয়া হয়েছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড এর প্রস্তাবের ভিত্তিতে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

পানিতে ডুবে শিশুমৃত্যুর একটি বড় কারন হল শিশুদের সাঁতার না শেখা। নদীমাতৃক এ বাংলাদেশে একসময় গ্রামে নদীতে গোসল করার হার বেশি ছিল, ফলে অনেকটা বাধ্যতামূলকভাবেই গ্রামের শিশুরা সাঁতার শিখত। গ্রামাঞ্চলে শিশুরা এখনও সহজেই সাঁতার শিখতে পারছে। কিন্তু শহরাঞ্চলে সাঁতার শেখা অনেক কঠিন কারন শহরে নদী বা পুকুরের অভাব রয়েছে। সুইপিং পুল এক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এ দূর্ঘটনা প্রতিরোধে ‘রাষ্ট্রীয় লাইফ সেভিং সোসাইটি’ (জখঝঝ) দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। আশার কথা হচ্ছে বাংলাদেশে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এ সংক্রান্ত তিন বছর ব্যাপী একটি বড় প্রকল্প নেয়া হয়েছে যা ১৬ টি জেলায় বাস্তবায়িত হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির অধীনে ২৭১ কোটি ৮৩ লাখ টাকার ‘ইনট্রিগ্রেটেড কমিউনিটি বেইজড সেন্টার ফর চাইল্ড কেয়ার, প্রটেকশন অ্যান্ড সুইম-সেইফ ফ্যাসিলিটিজ’ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্পে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুর সুরক্ষায় দিবাযত্ন কেন্দ্র, ওই বয়সী ২ লাখ শিশুর জন্য সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত সুরক্ষার ব্যবস্থা এবং ৬ থেকে ১০ বছর বয়সী ৩ লাখ ৬০ হাজার শিশুকে সাঁতার শেখানোর ব্যবস্থা রাখা আছে। এসবের পাশাপাশি দুই লাখ অভিভাবককে শিশুপালন বিষয়ে সক্ষমতা ও সচেতনতা বাড়ানোর বিষয়ও আছে।

তবে সরকারি উদ্যোগের পাশাপাশি কিছু সাধারন বিষয়ের প্রতি লক্ষ্য রাখলে আমাদের দেশে পানিতে ডুবে শিশুমৃত্যু সংখ্যা অনেক কমে যাবে আশা করা যায় যেমন- বাড়ির আশেপাশে অপ্রয়োজনীয় নালা, ডোবা বা গর্ত থাকলে সেগুলো ভরাট করে ফেলা, সম্ভব হলে পুকুর বা জলাধারের চারপাশ বেড়া দিয়ে ঘিরে দেয়া, শিশুর বয়স পাঁচ বছর হলে আবশ্যিকভাবে সাঁতার শেখানো, সব সময় খেয়াল রাখা যেন শিশু একা একা কোন জলাধারের কাছে না যায়, বাড়িতে পানিভর্তি বালতি বা পাত্র ঢেকে রাখা এবং শিশুকে একা পানিতে নামতে না দেয়া। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, পানিতে ডুবে মৃত্যুর বিশ্বব্যাপী যত দূর্ঘটনা ঘটে তার বড় অংশই ঘটে দক্ষিণ-পূর্ব এশিয়ার নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দেশসমূহে। আমরা আশা করব, সরকারি-বেসরকারি উদ্যোগ ও ব্যাক্তিপর্যায়ের সচেতনতা আমাদের দেশ থেকে এ দূর্ঘটনা দূর করবে এবং আমরা আমাদের শিশুদেরকে নিরাপদে রাখতে পারব।

লেখক: মো: মেহেদী হাসান, সিনিয়র তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস