কাজী মোহাম্মদ ইউনুছ ।।
বাগেরহাটের মোরেলগঞ্জে মাড়াই মেশিনের অভাবে দুর্ভোগে পড়েছেন ভূট্টা চাষীরা। মাঠ থেকে বাড়িতে তুলে ২-৩ দিন রৌদ্রে রেখে মাড়াই করার কাজ শুরু করতে হয়। কিন্তু মেশিনের অভাবে অনেকে বস্তাবন্দি করে রেখে দিয়েছেন। এর ফলে ভূট্টার মান নিয়ন্ত্রনে রাখা সম্ভব হচ্ছেনা। গরমে বস্তা ভাপিয়ে নমর হয়ে যাচ্ছে। রংও পরিবর্তন হচ্ছে। এ অবস্থার কারনে অনেকে হাতে ভাংছেন। এর ফলে কৃষকদের হাতের ত্বক ক্ষত-বিক্ষত হচ্ছে। অতিরিক্ত সময়, শ্রম ব্যায় করেও যথা সময়ে বাজারজাত করতে পারছেন না। এ বছর মোরেলগঞ্জে প্রায় ৮০০ মেট্রিক টন ভূট্টা উৎপাদন হয়েছে। যা গেল বছরের তুলনায় ৩ গুণ।
চলতি বছর মোরেলগঞ্জে ৭৩০ বিঘা জমিতে ভূট্টা চাষ হয়েছে। চাষির সংখ্যা প্রায় ৪০০ জন। চাষীদের সুবিধার্থে এবার ‘ক্লাইমেট স্মার্ট প্রকল্পে’র মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় মোরেলগঞ্জে ২৭ টি ভূট্টা মাড়াইয়ের ছোট মেশিন(মিনি কর্ন শেনার) দেওয়া হয়েছে। যার ২৩ টি ইতোমধ্যে বিনামূল্যে চাষীদের মাঝে বিতরণ করা হয়েছে। ভূট্টাচাষীরা বিনামূল্যে এ মেশিন ব্যবহার করার নির্দেশনা থাকলেও মাড়াই মেশিনওয়ালা মন প্রতি ৫০ থেকে ৮০ টাকা করে মাড়াই চার্জ দাবি করছেন বলে কথা উঠেছে। সুপার সাইন-২৭৬০ জাতের ভূট্টা প্রতি বিঘায়(.৩৩ শতকের) উৎপাদন হয়েছে ১ টন। টাফনিন এইচ-৫ জাতের ফলন হয়েছে প্রতি বিঘায় আধাটন।
মোরেলগঞ্জ পৌরসভা এলাকার ভূট্টা চাষী আমজেদ শেখ, সালাম মাতুব্বর, বজলু বয়াতী, আবু বকর শেখ ও আবুল বাশার বাবুলসহ অনেকে অভিযোগ করে বলেন, ফলন ভালো হওয়ায় প্রতি বছর ভূট্টা চাষির সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় প্রণোদনা সকল কৃষক পাচ্ছেন না। মাড়াই মেশিনের অভাবে ভূট্টার মান ঠিক রাখা যাচ্ছেনা। হাতে ভাংতে গিয়ে স্বাস্থ্য ঝুকিতে পড়ছেন দরিদ্র কৃষক। ভূট্টা চাষীদের এসব সমস্য সমাধানের দাবিতে কৃষক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি দিয়েছেন স্থানীয় চাষীরা।
এ সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, কৃষি অফিসের তদারকি ও সরকারি প্রণোদনা পেয়ে ভূট্টা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এ বছর কিছু মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে। এলাকার চাহিদা নিরূপন করে পরবর্তীতে প্রয়োজনীয় সংখ্যক মেশিন সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, ভূট্টা চাষীদের কিছু সমস্যার কথা শুনেছি। চাহিদা ও সমস্য নিরূপনের জন্য কাজ শুরু হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে পরামর্শ দেওয়া হয়েছে।











































