বিনোদন ডেস্ক।।
জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি’র জীবনে সম্প্রতি বয়ে গেছে কালো একটা ঝড়! স্বামী রকিব সরকারকে নিয়ে ওমরাহ করে দেশে ফেরার পরই গ্রেপ্তার হন তিনি। গত শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার দেখায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। যদিও ওদিন প্রায় ৬ ঘণ্টা পরই কারাগারমুক্তি মেলে এই চিত্রনায়িকার।
কিছুদিন পরই মা হতে যাচ্ছেন মাহি। এর মধ্যেই ঘটে যাওয়া এমন ঘটনায় বিস্মিত হন এই অভিনেত্রীর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। যা নিয়ে দু’চার লাইন লিখতেও বাধ্য হন তারা। মাহি গ্রেপ্তারের পরপরই তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন অনেক তারকাশিল্পী ও নির্মাতারা।
এখন বর্তমানে সেসব ঝামেলা অনেকটা সামলে নিয়েছে মাহি ও তার স্বামী রাকিব। জানা গেছে, বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে আছেন মাহি। আর এই সময়টা কাজ থেকে দূরে থাকলেও, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের থেকে দূরে নেই মাহি। সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
মঙ্গলবার রাতে ‘অগ্নি’খ্যাত এই নায়িকা ফেসবুকে একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘সুখ যদি থাকে সাত সমুদ্রের ওই পারে, তাহলে এই সাতটা সমুদ্র পাড়ি দেওয়া আমার জন্য এক পলকের ব্যাপার।’
এই নায়িকা আরও লিখেছেন, ‘শুধু নিশ্চিত করো আমাকে, ওইপারে আসলেই সুখ আছে।’ সঙ্গে জুড়ে দেন একটি ভালোবাসার ইমোজিও।











































