-রকিবুল ইসলাম
প্রযুক্তি আজ ছুটে চলেছে দুর্বার গতিতে। প্রযুক্তির যাদুর ছোঁয়ায় শিল্পভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সূচিত হয়। প্রযুক্তির উৎকর্ষ যত বৃদ্ধি পেয়েছে শিল্পভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার ততই আমূল পরিবর্তন সাধিত হয়েছে। এভাবেই সূত্রপাত হয়েছিলো শিল্পবিপ্লবের। এ পর্যন্ত বিশ্ব সভ্যতা তিনটি শিল্পবিপ্লব পার করে এসেছে। প্রথম শিল্পবিপ্লবের সূচনা হয়েছিলো ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের ফলে। এর প্রায় ৮৬ বছর পর ১৮৭০ সালে বিদ্যুৎ আবিষ্কার ২য় শিল্পবিপ্লব ঘটায়। ২য় শিল্পবিপ্লবের ঠিক ১০০ বছর পর ১৯৬৯ সালে আবিষ্কৃত হয় ইন্টারনেট যা তৃতীয় শিল্পবিপ্লব সংঘটনে মূখ্য ভূমিকা পালন করে। তৃতীয় শিল্পবিপ্লব তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন ঘটায়। মানুষ ভার্চুয়াল নামক এক বিশাল জগতের সাথে পরিচয় লাভ করে। তৃতীয় শিল্পবিপ্লব জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব ফেলে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ইন্টারনেট অব থিংস, থ্রিডি প্রিন্টিং ইত্যাদি প্রযুক্তির প্রসারের মাধ্যমে নতুন এক ডিজিটাল বিপ্লবের সূত্রপাত করেছে। যাকে কেতাবি ভাষায় চতুর্থ শিল্পবিপ্লব হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
১লা এপ্রিল, ২০১৩ সালে জার্মানিতে আনুষ্ঠানিকভাবে চতুর্থ শিল্পবিপ্লবের ধারণাটি সর্বপ্রথম তুলে ধরা হয়। এটি হবে একটি ডিজিটাল বিপ্লব যেখানে কলকারখানাগুলোতে বিপুল পরিমাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার হবে। আগের শিল্প বিপ্লবগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, মানুষ যন্ত্রকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু চতুর্থ শিল্পবিপ্লবের যে প্রযুক্তির উদ্ভব হবে সেখানে যন্ত্র নিজে থেকেই কাজ করার দক্ষতা লাভ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অব থিম, ব্লক চেইন প্রযুক্তি, থ্রিডি প্রিন্টিং, কোয়ান্টাম কম্পিউটিং, উন্নত মানের জিন প্রযুক্তি, বিগ ডেটা অ্যানালাইসিস, হরিজন্টাল ও ভার্টিক্যাল সিস্টেম ইন্টিগ্রেশন, সাইবার সিকিউরিট, রোবোটিক্স ইত্যাদি হলো চতুর্থ শিল্পবিপ্লবের কয়েকটি আলোচিত প্রযুক্তি।
প্রতিটি শিল্পবিপ্লবে উৎপাদন ব্যবস্থায় এনেছিলো আমূল পরিবর্তন। চতুর্থ শিল্পবিপ্লবে যন্ত্রের ব্যবহার বহুগুণ বেড়ে যাবে। তবে লক্ষ্যণীয় যে, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের সাথে সাথে উৎপাদনে মানুষের হাতের স্পর্শ দিন দিন কমে যাবে। সার্বিক দিক বিবেচনা করলে চতুর্থ শিল্পবিপ্লবকে ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিক থেকেই ব্যাখ্যা করা যায়। ইতিবাচক দিক হলো এর ফলে উৎপাদন দক্ষতা বৃদ্ধি পাবে, নতুন পণ্য ও সেবা সৃষ্টি হবে, জীবনযাত্রার মান বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উন্নয়ন হবে টেকসই। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের ফলে স্বয়ংক্রিয়ভাবে মানুষের স্পর্শ ছাড়াই পণ্য উৎপাদিত হবে যেখানে উৎপাদনে খরচ কমবে এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। থ্রিডি প্রিন্টিং এর সাহায্যে জটিল ও পছন্দমত পণ্য উৎপাদন সম্ভব হবে যা পূর্বে তৈরি করা দুরূহ ছিলো। ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগকালীন সময়ে এসকল কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন যন্ত্রের সাহায্যে উদ্ধার কাজ চালানো সম্ভব হবে। সম্প্রতি সংঘটিত তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে মনুষ্যবিহীন ড্রোনের সাহায্যে উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছিলো। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ইত্যাদি সর্বক্ষেত্রে প্রযুক্তি রাজত্ব করবে। জীবন হবে আরামদায়ক, নির্বিঘ্ন ও সহজ।
মুদ্রার অন্য পিঠ পর্যালোচনা করলে ঘোর অন্ধকার চোখের সামনে ভেসে ওঠে। এর ফলে কর্মসংস্থান হবে ঠিকই কিন্তু তার জন্য প্রয়োজন হবে উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মী, যা সরবরাহ করা বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য খুবই দুরূহ ব্যাপার হবে। চিরাচরিত শিল্প কাঠামো ভেঙে পড়বে। মানুষের স্থলে যন্ত্র জায়গা দখল করবে। এতে কর্মহীন হবে লাখ লাখ শ্রমিক। উন্নত বিশ্বের সাথে অনুন্নত বিশ্বের যে বৈষম্য রয়েছে তা আরও বেড়ে যাবে। আরেকটি উদ্বেগের বিষয় হলো ভার্চুয়াল অপরাধ যথা সাইবার সিকিউরিটি, সাইবার আক্রমণ, হ্যাকিং, সাইবার বুলিং, গোপন নজরদারি, আড়িপাতা ইত্যাদি অপরাধ বহুগুণ বেড়ে যাবে। ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এছাড়া যুদ্ধক্ষেত্রেও আসবে পরিবর্তন। যুদ্ধবিমানের জায়গা দখল করে নিবে মনুষ্যবিহীন ড্রোন বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র। জীবন হয়ে পড়তে পারে নিরাপত্তাহীন। আগের শিল্পবিপ্লবগুলো বিকাশ লাভ করতে দীর্ঘ সময় নিয়েছিলো। কিন্তু চতুর্থ শিল্পবিপ্লব অতি দ্রুত ঘটছে। এই পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়ানো আরেকটি বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য।
আমাদের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই শিল্পে কর্মীদের মধ্যে ৩২ লাখ হলো নারী যা মোট কর্মীর প্রায় ৮০ শতাংশ। নারীর ক্ষমতায়নে এই শিল্প ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, অটোমেশন ইত্যাদি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলে গার্মেন্টস শিল্পের কর্মীরা কর্মহীন হয়ে পড়বে। ফলে তারা আর্থসামাজিকভাবে ব্যাপক বিপর্যয়ের মুখে পড়বে। এছাড়া এসকল প্রযুক্তি ব্যবহার করে উন্নত বিশ্ব নিজেরাই গার্মেন্টস পণ্য উৎপাদন শুরু করবে। এর ফলে আমাদের দেশের উৎপাদিত পণ্যের চাহিদা কমে যাবে। এতে আমাদের রপ্তানি শিল্পে ধ্বস নামবে। এখন প্রশ্ন হলো এ মুহূর্তে আমাদের করণীয় কি? আমরা চাইলেও প্রযুক্তির অগ্রযাত্রাকে রোধ করতে পারবো না। সুতরাং শ্রেয় হবে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো। এজন্য প্রয়োজন সরকারি বেসরকারি সকল সেক্টরকে এগিয়ে আসা। এটুআই গবেষণা-২০২০ এ উঠে এসেছে আগামী ১০ বছরে দেশের প্রায় ৫৫ লক্ষ মানুষ চাকরি হারানোর আশঙ্কায় রয়েছে। কিন্তু আশার বাণী হলো, যদি পরিকল্পনা গ্রহণ করে একটি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা যায় তাহলে আগামি ১০ বছরে ইন্ডাস্ট্রিয়াল রোবটিক্স কন্ট্রোল, অটোমেটেড প্যাকেজিং অপারেটর, ক্যাড/ক্যাম অপারেটর, থ্রিডি প্রিন্টার অপারেটর, আইওটি ম্যানেজার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, রেডি টু এসেম্বল ডিজাইনার, বিগ ডাটা এনালিটিক্স, অগমেন্টেড রিয়ালিটি ডিজাইনার ইত্যাদি বিশেষায়িত পেশার উদ্ভব ঘটবে যেখানে প্রায় ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি হবে। সুতরাং সমস্যা ও সম্ভাবনার দুয়ার হলো চতুর্থ শিল্পবিপ্লব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৪ জুন রাঙ্গামাটি জেলার বেতবুনিয়ায় ভু-উপগ্রহ উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশকে স্যাটেলাইট যুগে প্রবেশ করান এবং একটি বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশের ভিত্তি স্থাপন করেন। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার বেশ কয়েকটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে রূপকল্প-২০২১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, রূপকল্প-২০৪১, ডেল্টা প্লান-২১০০। চতুর্থ শিল্পবিপ্লবকে সামনে রেখে তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসারের উদ্দেশ্যে ইতোমধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। এখন প্রয়োজন এই শিক্ষার গুণগত মানোন্নয়ন। সারাদেশে ৪৫৬২টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার নির্মাণ করেছে। গ্রাম পর্যায়ে ব্রডব্যান্ড সুবিধা পৌঁছে দিচ্ছে। কলেজ ও মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব, চুয়েটে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার, যশোরে শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক, আলোচিত প্রযুক্তির কৌশলপত্র গ্রহণ ইত্যাদি নির্মাণ করছে। এগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে একটি দক্ষ জনগোষ্ঠী গড়ে উঠবে যারা চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করবে।
চতুর্থ শিল্পবিপ্লবকে সামনে রেখে আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার সাধন করতে হবে। কারিগরি শিক্ষাকে আরও জনপ্রিয় করে তুলতে হবে। গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে। তরুণদের মাঝে এই শিল্পবিপ্লবে কি করণীয় তার একটি দিক নির্দেশনামূলক গাইডলাইন তৈরি করতে হবে। প্রতিটি ক্ষেত্রে আইসিটি কিভাবে ব্যবহার করা যায় তার একটি মাস্টারপ্লান তৈরি করতে হবে। ২০৩০ সালে বাংলাদেশ জনমিতিক লভ্যাংশে প্রবেশ করবে অর্থাৎ তখন এদেশে তরুণের সংখ্যা হবে সর্বাধিক। এই সুবিধা কাজে লাগাতে হবে। প্রত্যেকটি সম্ভাবনাময় সেক্টরকে কাজে লাগাতে হবে। আমাদের মনে রাখতে হবে, তথ্য-প্রযুক্তির এই জোয়ারে গা ভাসালে চলবে না। প্রত্যেককে যার যার জায়গা থেকে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মকাবেলায় নিজ নিজ ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে সরকারকে উপযুক্ত পরিবেশ এবং সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। তাহলেই চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে। পিআইডি ফিচার
লেখক: রকিবুল ইসলাম, তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস, খুলনা।











































