যশোর অফিস।।
যশোরের চৌগাছায় ইজিবাইক চালককে ফেনসিডিল মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। বাড়ির উঠান থেকে চুরি হয়ে যাওয়া ইজিবাইকটি মাঠের মধ্যে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের পর মালিকের বিরুদ্ধে ২৫ বোতল ফেনসিডিলের মামলা দেওয়া হয়। গত মঙ্গলবার চৌগাছা থানায় এই মামলা করেছেন হিজলী বর্ডার আউট পোস্ট (বিওপি) নায়েক মো. শামীম আহম্মেদ। ভুক্তভোগী আবদুর সালাম যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের বাসিন্দা। মামলায় তাঁকে পলাতক দেখানো হয়েছে।
বাদী হিজলী বিজিবি ক্যাম্পের নায়েক মো. শামীম আহম্মেদ মামলার এজাহারে উল্লেখ করেছেন, ‘১০ জানুয়ারি ভোর ৪টা ২০ মিনিটে চৌগাছা থানার বল্লভপুর গ্রামের মেইন সীমানা পিলার থেকে আনুমানিক ৫০০ গজ ভেতরে কাঁচা রাস্তার ওপর ইজিবাইকটি থামানোর সংকেত দেওয়া হয়। চালক আবদুর সালাম ইজিবাইকটি ফেলে পালিয়ে যান। তাঁর ইজিবাইক তল্লাশি করে পেছনের সিটে ব্যাটারির পাশে বিশেষ কায়দায় সাজানো ভারতীয় ফেনসিডিলের ২৫টি বোতল উদ্ধার করা হয়।’ এই মামলায় বিজিবির তিন সদস্যকে সাক্ষী করা হয়েছে।
ভুক্তভোগী আবদুর সালাম বলেন, তিনি পৈতৃক ১৭ শতক জমি বন্ধক রেখে একটি ইজিবাইক কিনেছিলেন। সেই ইজিবাইক চালিয়ে সংসার চলে। বাড়ির উঠানে ইজিবাইকটি তালা মেরে সোমবার রাতে ঘুমিয়ে পড়েন। চোররা তাঁর ঘরের দরজা বাইরে থেকে আটকে রেখে ইজিবাইকটি নিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করেন। বাইরে এসে দেখেন, তাঁর ইজিবাইকটি নেই। এক পর্যায়ে জানতে পারেন সুখপুকুরিয়া-পুড়াপাড়ার সড়কের বাগেরমাঠ নামক স্থানে ইজিবাইকটি ফেলে রেখে যায় চোররা। সেই ইজিবাইক উদ্ধার করেছে বিজিবির টহল দল। খবর পেয়ে মঙ্গলবার স্থানীয় ইউপি চেয়ারম্যান হবিবর রহমান, মেম্বার জাহাঙ্গীর আলমসহ গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে হিজলী বিজিবি ক্যাম্পে যান আবদুর সালাম। তখন বিজিবি ক্যাম্প থেকে জানানো হয়, ইজিবাইকটি থানায় হস্তান্তর করা হবে। সেখানে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। বুধবার আবদুর সালাম খোঁজ নিয়ে জানতে পারেন, ইজিবাইক থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়ে তাঁর বিরুদ্ধে মাদকের মামলা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বিজিবি মামলার এজাহারে উল্লেখ করেছে, বল্লভপুর গ্রামের সন্তোষ ঘোষের জমির পাশ থেকে ইজিবাইক ও ফেনসিডিল উদ্ধার করেছে। প্রকৃতপক্ষে বল্লভপুর গ্রামে সন্তোষ ঘোষ নামে কোনো ব্যক্তি নেই। এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থল সীমান্তের ৫০০ গজের মধ্যে। অথচ উল্লিখিত এলাকা সীমান্ত থেকে ৪ কিলোমিটার ভেতরে।
মামলার বাদী ও বিজিবি হিজলী ক্যাম্পের নায়েক মো. শামীম আহম্মেদ বলেন, সুখপুকুরিয়া থেকে সাঞ্চাডাঙ্গা সড়কের বাগেরমাঠ এলাকা থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয়। চালক পালিয়ে যাওয়ায় চিনতে পারিনি। এ জন্য মালিকের নামে মামলা হয়েছে। এজাহারের ঘটনাস্থল বল্লভপুর উল্লেখ ও অসংগতির বিষয়ে জানাতে চাইলে নায়েক মো. শামীম বলেন, ভোরে অভিযান চালানো হয়। ঠিকমতো স্থান চিনতে পারিনি, এ জন্য হয়তো ঘটনাস্থল ভুল হতে পারে।
স্থানীয় সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান বলেন, আবদুর সালাম এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। তাঁর ইজিবাইকটি চুরি হয়েছিল। খবর পেয়ে স্থানীয় মেম্বার, গণ্যমান্য ব্যক্তির সঙ্গে আমিও বিজিবি ক্যাম্পে গিয়েছিলাম। তখন বিজিবি বলেনি ওই ইজিবাইকে ফেনসিডিল পাওয়া গেছে। পরে শুনছি আবদুর সালামের নামে মাদক মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা চৌগাছা থানার উপপরিদর্শক শাহীনুর রহমান শাহীন বলেন, তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ইজিবাইকের মাধ্যমে মাদক চোরাকারবারিরা নতুন কৌশলে মাদক পরিহন করে। সেই কৌশলে মাদক পরিবহনে ইজিবাইক মালিকও জড়িত। কোনো নিরীহ মানুষকে ফাঁসানো হয়নি। যদি ইজিবাইক চুরি হতো তাহলে ওই মালিক নিকটস্থ থানায় অভিযোগ দিতেন। তিনি কিন্তু থানায় কোনো অভিযোগ দেননি। এর আগেও এই আবদুর সালামের বিরুদ্ধে থানায় মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে।











































