স্টাফ রিপোর্টার।।
খুলনায় নিখোঁজের পাঁচদিন পর ফাতেমা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর লবণচরা এলাকায় রূপসা নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলনা থানার ওসি হাসান আল মামুন জানান, নগরীর টুটপাড়া দারোগাপাড়া এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী ফাতেমা বেগম একটি সমিতি থেকে ঋণ নেওয়ার জন্য একই এলাকার ফারুক আহমেদ ও তার স্ত্রী তাহমিনা আকতার খুকুকে সাড়ে ৪ হাজার টাকা দেন। ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে তারা কয়েক দিন ধরে ফাতেমাকে ঘোরাতে থাকেন। একপর্যায়ে গত ৭ জানুয়ারি দুপুরে তারা মোবাইল ফোনে ফাতেমাকে তাদের ভাড়া বাসায় ডেকে দেন।
সেখানে ইট দিয়ে মাথায় আঘাত করে ফাতেমাকে হত্যার পর রাত ৯টার দিকে বস্তাবন্দি মরদেহ বটিয়াঘাটার উপজেলার দশগেট এলাকায় নিয়ে নদীতে ফেলে দেয়। এ ঘটনায় পরদিন ফাতেমার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। জিডির পর পুলিশ ফারুক ও তার স্ত্রী খুকুকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা হত্যার কথা স্বীকার করে এবং পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
ওসি জানান, গত কয়েকদিন ধরে ফাতেমার মরদেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল। বৃহস্পতিবার রাতে রূপসা নদীর চরে তার মরদেহ পাওয়া গেছে। হত্যার অভিযোগে আটক স্বামী-স্ত্রী বর্তমানে কারাগারে রয়েছেন।











































