Home জাতীয় আজ শোকাবহ জেলহত্যা দিবস

আজ শোকাবহ জেলহত্যা দিবস

12

ঢাকা অফিস।।
আজ ৩ নভেম্বর, শোকাবহ জেলহত্যা দিবস। বাঙালি জাতির জন্য এক কলঙ্কময় অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম. মুনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রতিবারের মতো এবারও যথাযথ মর্যাদার সঙ্গে বেদনাময় এ দিবসটি পালন করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এ চার নেতার মধ্যে সৈয়দ নজরুল ইসলাম ছিলেন স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি। সেই সরকারেই তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী, এম. মুনসুর আলী অর্থমন্ত্রী এবং এএইচএম কামরুজ্জামান খাদ্য ও ত্রাণমন্ত্রী ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর একই চক্র কারাগারের ভেতরে জাতীয় চার নেতাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন। সকাল ৭টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। চার নেতার মধ্যে তিনজনের কবরস্থান বনানীতে। সকাল সাড়ে ৭টায় তাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতিহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একইভাবে রাজশাহীতে এএইচএম কামরুজ্জামানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে। জেলহত্যা দিবস উপলক্ষে বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ধানমন্ডি-৩২ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ক্যাপ্টেন মনসুর আলী ফাউন্ডেশন আয়োজন করেছে তিন দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার বিশেষ চিত্রপ্রদর্শনী’। প্রদর্শনীটি ৫ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ফাউন্ডেশনের সভাপতি ও শহীদ এম ক্যাপ্টেন মনসুর আলীর নাতি শেহেরিন সেলিম রিপন এ প্রসঙ্গে বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট রচনা, মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশ, শোকাবহ ১৫ আগস্ট ও ৩ নভেম্বর, এর পর অন্ধকারাচ্ছন্ন পথ বেয়ে আলোর সৃষ্টি- এসব বিষয় উপজীব্য করা হয়েছে প্রদর্শনীতে।