খুলনাঞ্চল রিপোর্ট।।
প্রায় এক দশক ধরে দেশে গ্যাস সংকট চলছে। চলতি বছরের শুরু থেকে এটি আরও বেড়ে যাওয়ায় অনেক বাড়িতেই চুলা চলে না। এর পাশাপাশি বিদ্যুতের লোডশেডিংও অনেক বেড়ে গেছে। ফলে বাড়িঘরে বাতি জ্বলে না, পাখা ঘোরে না। এমতাবস্তায় দুর্ভোগে থাকা মানুষের প্রশ্ন- কবে এ অবস্থা থেকে নিস্তার পাওয়া যাবে? কবে মিলবে স্বস্তি? ব্যবসায়ীদের মনেও উদ্বেগ, মুখে একই প্রশ্ন। কারণ, গ্যাস ও জ্বালানি তেলের সংকটে শিল্পকারখানার উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, সহসাই পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আরও অন্তত দুই বছর গ্যাস ও বিদ্যুৎ সংকট থাকবে, পোহাতে হবে ভোগান্তি, থাকতে হবে উদ্বেগে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে, সরকার যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাতে করে সংকট কিছুটা কমানো গেলেও স্বস্তিদায়ক পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত। ২০২৫ সালে নানান উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়বে। এ প্রসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নীতিনির্ধারকরা বলছেন, দুবছর পর বিশ^বাজারে এলএনজির দাম কমে যাবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে আগামী দুবছরে প্রত্যাশিত গ্যাসের উৎপাদন বাড়বে। এ ছাড়া পাশের দেশ ভারত থেকেও পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানি করা হবে। শুধু তাই নয়, ২০২৫ সাল থেকে নতুন কয়েকটি চুক্তির মাধ্যমে বিদেশ থেকে এলএনজির আমদানি ও সরবরাহ বাড়ানো হবে। সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে আলোচনায়ও এমন তথ্য পাওয়া গেছে। গত একযুগ ধরেই দেশে গ্যাসের সংকট চলছে। বিশেষ করে, ২০১৫ সালের পর গ্যাসের সংকট অনেক বেড়ে যায়। সে সময় দেশে শিল্পায়ন বৃদ্ধি পাওয়ায় গ্যাসের চাহিদা বাড়তে থাকলেও গ্যাসের উৎপাদন না বেড়ে উল্টো দিন দিন কমতে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। একদিকে গ্যাসের চাহিদা বৃদ্ধি, অন্যদিকে উৎপাদন ক্রমশ কমতে থাকায় যত দিন যাচ্ছে গ্যাস সংকট ততই প্রকট হয়ে উঠছে। এ সমস্যা বিবেচনায় নিয়ে সরকার জ্বালানি তেল আমদানির পাশাপাশি বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি করে ২০১৮ সাল থেকে। সরকারের উদ্যোগে বেসরকারি পর্যায়ে দুটি এলএনজি টার্মিনালও স্থাপন করা হয়েছে দেশে। সেখান থেকে প্রতিদিন এক হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহের সক্ষমতা রয়েছে। শুরুর দিকে প্রায় সাড়ে আটশ মিলিয়ন ঘনফুট পর্যন্ত এলএনজি সরবরাহ করেছে। দেশীয় গ্যাসের সঙ্গে এলএনজি যুক্ত হয়ে চাহিদার সঙ্গে মোটামুটি সরবরাহ স্বাভাবিক ছিল। শিল্পকারখানা বা বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রত্যাশা অনুযায়ী গ্যাসের সরবরাহ না হলেও শিল্প মালিকদের অভিযোগ তুলনামূলক কম ছিল। কোভিড মহামারীর দীর্ঘ অচলাবস্থার পর যখন অর্থনীতি ঘুরে দাঁড়াতে চাইছে, তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ^বাজারে অব্যাহতভাবে বাড়তে থাকে জ্বালানি তেল ও এলএনজির দাম। এ কারণে সরকার উচ্চদামে এলএনজি গ্যাস আমদানি কমিয়ে দেয়। গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যায়। ফলে দেশে জ্বালানির সংকট এখন প্রকট আকার ধারণ করেছে। গ্যাসের সংকটে প্রতিদিন প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকছে। তেলভিত্তিক অধিকাংশ বিদ্যুৎকেন্দ্রই বন্ধ। শুধু বিদ্যুৎকেন্দ্র নয়, দেশের অধিকাংশ শিল্পকারখানা তাদের প্রত্যাশা অনুযায়ী উৎপাদন করতে পারছে না। অনেক শিল্পকারখানা বন্ধ থাকছে। ব্যবসায়ীদের আহ্বানে সরকারের নীতিনির্ধারকরা দফায় দফায় বৈঠক করছেন সংকট থেকে বেরিয়ে আসার পথ বের করতে।
কবে নাগাদ দেশে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে- এমন প্রশ্নে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমাদের সবকিছু পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছিল। আমরা আমাদের নিজস্ব উৎস থেকে প্রাপ্ত গ্যাসের সঙ্গে বিদেশ থেকে আমদানি করা এলএনজি দিয়ে চাহিদা ও সরবরাহ বা জোগানের ভারসাম্য ঠিক রেখেছিলাম। কিন্তু হঠৎ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশে^ জ্বালানির বাজার টালমাটাল হয়ে পড়েছে। অস্বাভাবিকভাবে দাম বেড়ে গেছে। তিনি বলেন, হঠৎ করে যুদ্ধ লেগে যাওয়া মহাসংকটের সৃষ্টি করে। যুদ্ধ বাধার বিষয়ে আগাম কিছু বলা বা ভাবা যায় না। তিনি বলেন, এখন সংকট প্রকট হয়েছে মূলত দেশীয় গ্যাসের সঙ্গে এলএনজির জোগানে ঘাটতি হওয়ায়। তবে সরকার শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ বাড়াতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে এলএনজি আমদানি হবে, কমে যাবে সংকট।
এটি তো সাময়িক। দীর্ঘমেয়াদে সংকট থেকে উত্তরণের উপায় সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনায় আছে ২০২৫ সাল থেকে শিল্পকারখানায় গ্যাস এবং বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখা। তিনি যোগ করেন, এলএনজি আমদানির লক্ষ্যে কাতার, আরব আমিরাত, সৌদি আরব, ব্রুনাইসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করা হচ্ছে। ২০২৫ সালের মধ্যে প্রায় দুই হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানির পরিকল্পনা করা হয়েছে। এদিকে নিজস্ব উৎস থেকে প্রায় দুই হাজার মিলিয়ন গ্যাস পাওয়া যাবে। সব মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের সংস্থান হবে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সর্ম্পকে প্রতিমন্ত্রী বলেন, সরকার যে কোনো মূল্যে শিল্পায়ন সমৃদ্ধ করতে চায়; শিল্পকারখানায় জ্বালানির জোগান নিশ্চিত করার বিষয়ে সজাগ। এ লক্ষ্যে মহেশখালীতে আরও দুটি এলএনজি টার্মিনাল হচ্ছে। সারাদেশকে গ্যাস পাইপলাইন নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা হচ্ছে। বিশেষ করে শিল্পকারখানাগুলোতে যাতে ডেটিকেটেড পাইপলাইনের মাধ্যমে গ্যাস দেওয়া যায় সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এ জন্য হয়তো আরও দুটি বছর আমাদের ধৈর্য ধরতে হবে। ২০২৫ সালের মধ্যে দেশীয় গ্যাসের সঙ্গে এলএনজির প্রয়োজনীয় জোগানের মাধ্যমে শিল্পে গ্যাসের পুরোপুরি চাহিদা নিশ্চিত করা হবে। প্রতিমন্ত্রী বলেন, সরকার নানামুখী উৎস থেকে জ্বালানির জোগানের পরিকল্পনা করেছে। ভারত থেকে পাইপলাইনে গ্যাস আনতে খুলনার দিকে একটি পাইপলাইন করা হবে। ভারত থেকেই ইতোমধ্যে জ্বালানি তেল আনতে পাইপলাইন করা হয়েছে। তিনি বলেন, সরকার মহেশখালী ও পায়রাতে আরও দুটি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া মাতারবাড়ীতে একটি ভূমিভিত্তিক এলএনজি টার্মিনালও স্থাপন করা হবে। আগামী বছর থেকে তেল আসা শুরু করবে। তিনি বলেন ধারণা করা হচ্ছে ২০২৫ সালের মধ্যে এলএনজির বাজার নিম্নমুখী হবে।
জ্বালানি সংকট সমাধানে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেন এক সেমিনারে বলেছেন, দেশে যে গ্যাস সংকট চলছে সেটা আপাতত এলএনজি আমদানি করে সমাধান করতে হবে। তবে এলএনজি আমদানির পাশাপাশি দেশীয় সোর্স থেকে গ্যাস উত্তোলনের জন্য ব্যাপক আকারে কাজ করতে হবে। ইজাজ হোসেন সেমিনারে বলেছেন, দেশের অর্থনীতি সচল রাখতে অবশ্যই শিল্পকারখানা সচল রাখতে হবে।
এদিকে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. নাজমুল আহসান বলেন, গত বছর একই সময়ে যে পরিমাণ গ্যাসের সরবরাহ করা হতো, এখন প্রায়ই একই পরিমাণ গ্যাসের সরবরাহ করা হচ্ছে। তবে শিল্পায়ন বৃদ্ধি পাওয়ায় চাহিদা বেড়েছে। বর্ধিত চাহিদার কারণে সংকট চোখে পড়ছে। তিনি বলেন, গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। পেট্রোবাংলা পুরনো হয়ে যাওয়া অকেন গ্যাস কূপ বা শুকিয়ে যাওয়া, ও পরিত্যক্ত গ্যাসক্ষেত্রগুলো সংস্কার করার পরিকল্পনা করছেন। এ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এ ছাড়া ডিপড্রিলিং বা গভীর কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা অতীতে করা হয়নি। তিনি বলেন গভীর খনন পরিকল্পনার মধ্যে আছে বাপেক্সের মোবারকপুর ও শ্রীকাইল গ্যাসক্ষেত্র, বিজিএফসিএল-পরিচালিত তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্র, এসজিএফএলের রশিদপুর গ্যাসক্ষেত্র। তিনি বলেন পাশাপাশি আমরা পার্বত্য অঞ্চলে জরিপ চালাচ্ছি। পাবর্ত্য অঞ্চলেও গ্যাস কূপ খনন করা হবে। সেখানে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
নাজমুল আহসান বলেন, ভোলায় অনেক গ্যাসের মজুদ রয়েছে। ভোলার আশপাশের নদীগুলোতেও অনুসন্ধান চালানো হবে। ভূতাত্ত্বিকদের ধারণা নদী তলদেশে গ্যাসের মজুদ রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত প্রমাণিত মজুদ গ্যাস ক্রমান্বয়ে ফুরিয়ে আসছে। বাংলাদেশ তেল গ্যাস খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) হিসাব অনুযায়ী আগামী ১০ বছরের মধ্যে দেশের মজুদ গ্যাস ফুরিয়ে যাবে। আগামী কয়েক বছরের মধ্যে যদি বড় কোনো গ্যাসক্ষেত্রের সন্ধান না পাওয়া যায় তবে দেশের শিল্পকারখানাকে পুরোপুরি আমদানিনির্ভর গ্যাস এবং জ্বালানি তেলের ওপর নির্ভর করতে হবে। গত দুই দশকে দেশে বড় কোনো নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়নি। জ্বালানি বিভাগের তথ্যমতে ২০০৯ সাল পরবর্তী সময়ে ৫টি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়েছে। তবে সেগুলোতে প্রত্যাশিত গ্যাস নেই। সব মিলিয়ে মজুদ ৭১৮ বিলিয়ন ঘনফুট। তবে দীর্ঘ সময় ধরে গ্যাসের সংকট সমাধান করা যাবে এমন কোনো বড় গ্যাস ক্ষেত্র এখনো আবিষ্কার হয়নি। ২০০৯ সাল থেকে বর্তমান সরকারের সময়ে সন্দলপুর, শ্রীকাইল, রূপগঞ্জ, ভোলা নর্থ এবং জকিগঞ্জ এই পাঁচটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে। এগুলোসহ দেশে মোট গ্যাস ক্ষেত্রের পরিমাণ ২৮টি। তবে ২৮টি গ্যাসক্ষেত্রের মধ্যে সবকটি এখন উত্তোলনযোগ্য গ্যাসক্ষেত্র নয়।
দেশে গ্যাসের ৪০ শতাংশই ব্যবহার হয় বিদ্যুৎ খাতে। শিল্প খাতে ব্যবহার হয় ১৯ দশমিক ০৭ শতাংশ, ক্যাপটিভ পাওয়ারে ব্যবহার হয় ১৭ দশমিক ৫৪ শতাংশ, গৃহস্থালি খাতে ব্যবহার হয় ১২ দশমিক ৭৭ শতাংশ, সারকারখানায় ব্যবহার হয় ৬ দশমিক ৩ শতাংশ, সিএনজি খাতে ব্যবহার হয় ৩ দশমিত ৭৩ শতাংশ, বাণিজ্যিক খাতে ব্যবহার হয় শূন্য দশমিক ৬৩ শতাংশ, চা-বাগানে ব্যবহার হয় শূন্য দশমিক ১১ শতাংশ। তবে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ, শিল্প, সিএনজি ও সার খাতে প্রায়ই রেশনিং করছে সরকার।
গত এক দশকে শিল্পায়নের পথে দেশ এগিয়ে যাওয়ায় গ্যাস-বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে গেছে। অথচ দেশে নতুন করে কোনো গ্যাসক্ষেত্রের সন্ধান না পাওয়ায় সংকট কাটানো যায়নি। দেশের খনি থেকে উত্তোলিত প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি এলএনজি আমদানির মাধ্যমে গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা সামাল দেওয়ার চেষ্টা চলছে। সরকারি হিসাব বলছে, এ পর্যন্ত দেশে প্রমাণিত গ্যাসের মজুদ ২৮ দশমিক ৫৯ ট্রিলিয়ন ঘনফুট। চলতি বছরের জুন পর্যন্ত ব্যবহার হয়েছে ১৯ দশমিক ৫৩ ট্রিলিয়ন ঘনফুট। সর্বশেষ হিসাব অনুযায়ী গ্যাসের মজুদ রয়েছে ৯ দশমিক ৬ ট্রিলিয়ন ঘনফুট। দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে বর্তমানে প্রতিদিন ২৩শ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। সেই হিসাবে আগামী ১০ বছরের মধ্যেই নিজস্ব গ্যাসের জোগান কমে যাবে যদি না এই সময়ের মধ্যে বড় কোনো নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার না হয়।- আমাদের সময়











































