Home আঞ্চলিক খুলনায় আলোচিত গৃহবধূ রহিমার বিরুদ্ধে আদালতে ছেলের জবানবন্দি

খুলনায় আলোচিত গৃহবধূ রহিমার বিরুদ্ধে আদালতে ছেলের জবানবন্দি

8

স্টাফ রিপোর্টার।।
খুলনায় আলোচিত নিখোঁজ গৃহবধূ রহিমা বেগম (৫৫) ফের নিখোঁজ হয়েছেন বলে সামাজিক গণমাধ্যমে ফের আলোচনায় এসেছে। রহিমার ছেলে মিরাজ আল সাদী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ আগস্ট রহিমা বেগম নিখোঁজ হওয়ার ২৭ দিন পর ফরিদপুরের বোয়ালমারী থেকে উদ্ধার করা হয়।

এদিকে সোমবার নিজের মায়ের বিরুদ্ধে আদালতে জবানবন্দিও দিয়েছেন ছেলে মিরাজ আল সাদী।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনার পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, রহিমা বেগমকে উদ্ধারের পর ২৫ সেপ্টেম্বর আদালত তাকে তার মেয়ে আদুরী খাতুনের জিম্মায় দেন। সোমবার দুপুরে রহিমার ছেলে মিরাজ আল সাদী মায়ের বারংবার অন্তর্ধান ও নিরীহ ব্যক্তিদের নামে মামলা দিয়ে হয়রানি করায় মায়ের বিরুদ্ধে আদালতে জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাকে আদালতে পাঠানো হয়। সাদী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এ ব্যাপারে মিরাজ আল সাদী জানান, আমার মা আবার নিখোঁজ হয়েছেন বলে আমি শুনেছি। বিষয়টি নিয়ে আমি বিব্রত হয়েছি। সে কারণে আমার মা কিংবা বোনদের সঙ্গে ভালো কোনো যোগাযোগ নেই। তাই কখন থেকে তিনি নিখোঁজ রয়েছেন সেটা আমি জানি না। তবে বিষয়টি নিয়ে এতটাই বিব্রত যে আমি আদালতে জবানবন্দি দিয়েছি।

তিনি আরও জানান, আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আহমেদের আদালতে জবানবন্দি দিয়েছি। তিনি পিবিআই পুলিশ সুপারের বরাত দিয়ে জানান, তার বোন আদুরী পুলিশ সুপারকে বলেছেন মাকে আবার পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকা থেকে গৃহবধূ রহিমা বেগম নিখোঁজ হন। পরদিন রহিমা বেগমের মেয়ে আদুরী খাতুন বাদী হয়ে প্রতিবেশীদের নামে দৌলতপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। দীর্ঘ ২৭ দিন পর ২৪ সেপ্টেম্বর রাত পৌনে ১১টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বোয়ালমারী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জনৈক আব্দুল কুদ্দুসের বাড়ি থেকে পুলিশ তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।