খবর বিজ্ঞপ্তি।।
দেশে উচ্চশিক্ষা ও গবেষণার মান বিশ্বমানে উন্নীত করার জন্য সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশ্বমানের কারিকুলা ও তা অনুসরণ অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর গাইডলাইন প্রদান করেছে। এই গাইডলাইন অনুসরণ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় প্রথম আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা প্রণয়নের কাজ শেষ করেছে। আজ ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর ওবিই কারিকুলা প্রণয়ন সম্পন্নের মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিন (বিভাগ) এবং মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের ওবিই কারিকুলা প্রণয়ন সম্পন্ন হলো।
আজ সমাপ্তি দিনে বেলা ১২টায় আইইআর তৈরিকৃত ওবিই কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইইআর এর মাইক্রোটিচিং এন্ড সিমুলেশন ল্যাবে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, আজ একটি আনন্দের দিন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলা প্রণয়নের কাজ শেষ হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষেত্রে এটি একটি বড় অর্জন। এই বিরাট কর্মযজ্ঞ সম্পন্নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিরলস পরিশ্রম করেছেন। এজন্য তিনি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে তিনি আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট টিমকে আন্তরিক শুভেচ্ছা জানান। একাডেমিক কাউন্সিলের অনুমোদনসহ অন্যান্য প্রক্রিয়া শেষে আগামী শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ে এই কারিকুলা অনুসরণ করে পাঠদান শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বমানের একটি কারিকুলা অনুসরণ করে তাদের একাডেমিক কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
আইইআর এর পরিচালক ও শিক্ষা স্কুলের ডিন প্রফেসর ড. এ কে ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার ও বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইইআর এর শিক্ষক প্রফেসর রুবাইয়াত জাহান।
এসময় আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক উপস্থিত ছিলেন। পরে প্রণীত ওবিই কারিকুলার বিভিন্ন দিক নিয়ে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।
খুবির আইন ডিসিপ্লিনে মুট কোর্ট
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের প্রথম ইন্ট্রা ডিসিপ্লিন মুট কোর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, আইন পেশায় বহুমুখী জ্ঞান অর্জন করতে হয়। যে কারণে জ্ঞান ও বিজ্ঞানের নানা শাখার সম্যক জ্ঞান, অভিজ্ঞতা লাভ করে থাকেন আইন পেশাজীবীরা। এটি একটি সত্য অনুসন্ধানী পেশা, যেখানে আইন দিয়ে, যুক্তি দিয়ে ঘটনার সত্যতা প্রতিষ্ঠিত করা হয়। ন্যায় বিচার নিশ্চিত করে সুশৃঙ্খল সমাজ গঠনে এই পেশার অপরিসীম গুরুত্ব রয়েছে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনে এবং তাদের শিক্ষার প্রায়োগিক উৎকর্ষ সাধনে মুট কোর্টসহ যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে তার প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। একই সাথে তিনি ইউএসএইড এর প্রতি এক্ষেত্রে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, ভবিষ্যৎ পেশাগত জীবনে প্রস্তুতি ও আত্মবিশ্বাস অর্জনে আইন ডিসিপ্লিনের মুট কোর্টসহ গৃহীত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আইন ডিসিপ্লিনের প্রধান ও আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের প্রমোটিং পিস এন্ড জাস্টিস এ্যাক্টিভিটিস এর চিফ অব পার্টি পিটার গোল্ড স্মিথ। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পুনম চক্রবর্তী।
পরে প্রধান অতিথি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। ৮টি গ্রুপের মধ্যে গত ১৬-১৭ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গ্রুপ-৮ চ্যাম্পিয়ন এবং গ্রুপ-৪ রানার্সআপ হয়। অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষ্যে খুবির ডিএস
ডিসিপ্লিনের সহায়তায় র্যালি অনুষ্ঠিত
ওয়ার্ল্ড ক্লিনআপ ডে এন্ড ব্র্যান্ড অডিট-২০২২ ক্যাম্পেইন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহায়তায় এবং এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর উদ্যোগে আজ ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় এক র্যালি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে র্যালির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, পৃথিবীর বহু সভ্যতা বিনাশ অথবা বিলুপ্ত হয়েছে পরিবেশ দূষণের কারণে। আমরা আক্ষরিক অর্থে পরিবেশ নিয়ে যত গুরুত্ব দেই বা কথা বলি বাস্তবে ভূমিকা পালন করি কম। প্লাস্টিক পার্টিকেল বা অন্য অনেক উপকরণ ও মাধ্যমে নানাভাবে পরিবেশ দূষিত হচ্ছে। আর শেষ পর্যন্ত তা প্রকৃতির উপর বিরূপ প্রভাব ফেলছে যার জন্য পরিবেশ নানাভাবে ক্ষতির সম্মুখীন। অথচ জনসচেতনতা ও দায়িত্বশীলতা এক্ষেত্রে পরিবর্তন আনতে পারে। যদিও তা একদিনে অর্জন সম্ভব নয়। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে আমরা গ্রিন ক্যাম্পাসে রূপান্তর করতে চাই। এ লক্ষ্যে ইতোমধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ক্যাম্পাসে ময়লা-আবর্জনা ব্যবহারযোগ্য সম্পদে রূপান্তর করা হবে। ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিমাসের একটি নির্ধারিত দিনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী মিলে কর্মসূচি পালনের উপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষার্থীদের প্রতি তাদের সহপাঠীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণমূলক কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। এক্ষেত্রে ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনকে সবিশেষ ভূমিকা গ্রহণের আহ্বান জানালে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সমস্বরে তাতে ইতিবাচক সাড়া দেন। এ ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণের জন্য ইএসডিওকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন ও ইএসডিও’র সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান নুজহাত ফাতেমা। অনুষ্ঠান সমন্বয় ও সঞ্চালনা করেন ডিসিপ্লিনের শিক্ষক সহকারী অধ্যাপক বায়জিদ খান।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসের কয়েকটি স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং সেখান থেকে প্রাপ্ত প্লাস্টিক পার্টিকেলের নমুনা সংগ্রহ করা হয়।











































