খুলনাঞ্চল ডেস্ক।।
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শেষকৃত্যানুষ্ঠানের জন্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন বহন করে নিয়ে যাচ্ছেন রাজকীয় গার্ডরা। পাশেই দাঁড়িয়ে বর্তমান রাজা তৃতীয় চার্লস ও রাজকুমার উইলিয়াম (বাঁয়ে) – ডেইলি মেইল
সারা পৃথিবীর ইতিহাসে বেদনাবিধুর দিন হিসাবে লেখা থাকবে ১৯ সেপ্টেম্বর সোমবার। এদিনেই শায়িত হয়েছেন ৭০ বছর ব্রিটিশ সাম্রাজ্য সামাল দেওয়া রানি দ্বিতীয় এলিজাবেথ। লাখ লাখ মানুষের অশ্রুসিক্ত ভালোবাসার মধ্য দিয়ে শেষ হলো এক ইতিহাসের।
লন্ডন সময় সকাল ৮টায় খুলে দেওয়া হয় ওয়েস্টমিনস্টার অ্যাবের মূল দরজা। তার আগেই রানির কফিনটি এক নজর দেখতে লন্ডনের রাস্তার পাশে ঘণ্টার পর ঘণ্টায় অপেক্ষায় থাকেন সাধারণ মানুষ। ঠা-া উপেক্ষা করে এক নজর কফিন দেখার অপেক্ষাই বুঝিয়ে দেয় রানির প্রতি ব্রিটেনবাসীর ভালোবাসার তীব্রতা।
সারা বিশ্বের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও অন্যান্য আমন্ত্রিত ৫০০ অতিথিসহ ২ হাজার অতিথি আসা শুরু করেন ৮টা থেকেই। রাস্তায় ভিড় করা লাখ লাখ মানুষের সঙ্গে পুরো অনুষ্ঠান সারা বিশ্বের বিভিন্ন দেশে ৪১০ কোটি মানুষ সরাসরি সম্প্রচার দেখেছেন। বলা হচ্ছে টেলিভিশন সম্প্রচারের ইতিহাসে সবচেয়ে বড় নেটওয়ার্কের সম্প্রচার এটি।
লন্ডন সময় সকাল ১০টা ৪৪ মিনিটে মরদেহ ওয়েস্টমিনস্টার হল থেকে বের হয়ে যাত্রা শুরু করে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। এই যাত্রার সম্মুখভাগে রয়েল নেভির পেছনে ছিলেন রাজা তৃতীয় চার্লস, প্রিন্সেস অ্যান, প্রিন্স এন্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড। আরও ছিলেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি।
এরপর ঠিক ১১টায় শুরু হয় অন্ত্যেষ্টিক্রিয়ার মূল পর্ব। এ সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও কমনওয়েলথ সেক্রেটারি প্যাট্রেসিয়া স্কটাল্যান্ড বাইবেল থেকে পাঠ করেন। ঠিক ১২টায় দুই মিনিট নীরবতা পালন করে পুরো ব্রিটেন। এ সময় পুরো দেশে একেবারেই নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। এরপরই বেজে ওঠে জাতীয় সংগীত।
দুপুর ১টায় যখন রানির মৃতদেহ হাইড পার্ক কর্নারে নেওয়া হয় তখন করতালিতে মুখরিত হয়ে যায় চারপাশ। রাজা তৃতীয় চার্লসসহ পরিবারের অন্য সদস্যরা কফিনটি ওয়েলিংটন আর্চ হয়ে, পার্লামেন্ট স্ট্রিটের হোয়াইটহল, হর্স গার্ডেন, দ্যা মল, কুইনস গার্ডেন হয়ে আপসলে ওয়েতে যায়। এরপর ৩টা ৬ মিনিটে অন্তিম যাত্রাস্থলে
পৌঁছে যায় উইন্ডসর ক্যাসেলে। সেখান থেকে ঠিক ৩টা ৫৩ মিনিটে মরদেহবাহী কফিন পৌঁছানো হয় সেন্ট জর্জ চ্যাপেলে। সেখান থেকে মৃতদেহ নামিয়ে নেওয়া হয় চ্যাপেলের উত্তর অংশে।
সবশেষে রানির মরদেহ নামানো হয় রয়েল ভল্টে। এরপর রানির সন্তান রাজা তৃতীয় চার্লসসহ পরিবারের সব সদস্যকে বের করে দেওয়া হয়। ঠিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রানির মরদেহ ঢেকে দেওয়া হয় রয়েল ভল্টে। এর মধ্য দিয়েই শেষ হয়েছে রানির অন্ত্যেষ্টিক্রিয়ার।
সেন্ট জর্জেস চ্যাপেলের অভ্যন্তরে অবস্থিত রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেল সমাধিতে রানিকে তার প্রয়াত স্বামী ফিলিপের সমাধির পাশে সমাহিত করা হয়েছে। রানির সমাধির ওপর মার্বেলের ফলকে খোদাই করে লেখা হয়েছে ‘দ্বিতীয় এলিজাবেথ ১৯২৬-২০২২’।











































