Home আঞ্চলিক কালীগঞ্জের ৫৯টি গৃহহীন বেদে পরিবার পাচ্ছে পাকা ঘর

কালীগঞ্জের ৫৯টি গৃহহীন বেদে পরিবার পাচ্ছে পাকা ঘর

14

 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

দেশের মধ্যে এই প্রথম ঝিনাইদহের কালীগঞ্জে একই জায়গায় গৃহহীন ৫৯টি বেদে পরিবারের জন্য নির্মান করা হয়েছে পাকা ঘর। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আশ্রয়ন-২ প্রকল্পের অধীন ৩য় ধাপে বেদে সম্প্রদায়ের মাঝে ওই ঘরের চাবি ও দলিল (২১ জুলাই) বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এর আগে দেশের কোথাও এক স্থানে এত বেশি সংখ্যক বেদে সম্প্রদায়ের জন্য পাকা ঘর দেওয়া হয়নি। কালীগঞ্জ শহর থেকে ১৫ কিঃ মিঃ দুরে বারোবাজার মাঝদিয়া বাওড়ের কিনারে নিরিবিলি পরিবেশে নির্মিত ওই পাকা ঘরে নতুন জীবনের স্বপ্ন দেখছেন বেদে সম্প্রদায়ের সদস্যরা। ইতিমধ্যে সেখানে শিশুদের বিনোদনের জন্য করা হয়েছে পার্ক করে বেশ কিছু রাইডও বসানো হয়েছে। আর পরবর্তিতে মসজিদ তৈরি ছাড়াও সেখানে শিশুদের জন্য করা হবে শিক্ষার ব্যবস্থা।

সরেজমিনে উপজেলার বারোবাজার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে গিয়ে দেখা যায়, মাজদিয়া বাওড়ের ধারেই নির্মান ৫৯টি পাকা বাড়ি মনোরম এক দৃশ্য। যেখানে প্রায় ৩ শতাধিক বেদে বসবাস করতে পারবেন। গ্রাম বাংলার বেদে সম্প্রদায়ের ইতিহাস ঐতিহ্যের কথা মাথায় রেখেই ঘরগুলি নির্মান করা হয়েছে জলাধারের পাশেই। প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫’শ টাকা। প্রতি পরিবারের জন্য দুইটি রুম, একটি রান্না ঘর ও একটি পাকা টয়লেট নির্মান করা হয়েছে। এছাড়্ওা বিদ্যুৎ সংযোগ প্রস্তুত রাখাসহ স্থাপন করা হয়েছে গভীর নলকূপ।

বারোবাজার বেদে পল্লীর সদস্য ফুলমতি বেগম প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এখন আমরা পাকা ঘরে থাকবো। নতুন করে জীবন শুরু করবো।

কাশীপুরের বেদে সদস্য কাঞ্চন বিবি জানান, জীবনে কখনো ভাবতেও পারেননি পাকা ঘরে ঘুমাবো। তাই পাকা ঘরে উঠতে পারবো বলে খুশি। তিনি বলেন, এর আগে যাযাবরের মত বা অন্যের জমিতে ঝুপড়ি ঘর বেধে বসবাস করতেন। এখন পাকা ঘরে সন্তানদের নিয়ে জীবনকে সুন্দর করে সাজাতে পারবেন।
কালীগঞ্জ বেদে সম্প্রদায়ের সর্দার রেজাউল ইসলাম জানান, এ উপজেলায় প্রায় ৭’শ বেদে পরিবার রয়েছে। তাদের অনেকেই গৃহহীন ও ভুমিহীণ। তারা জানতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম তাদের বেদে সম্প্রদায়ের জন্য পাকা ঘরের ব্যবস্থা করেছেন। তিনি আরো বলেন, এ উপজেলার কাশিপুর ও বারবাজার এলাকার গৃহহীন ও ভুমিহীন বেদে পরিবার এই ঘরগুলো পাচ্ছেন। এতে তারা সবাই খুশি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কালীগঞ্জে ৫৯টি বেদে পরিবারের জন্য ওই পাকা ঘর নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, বেদে সম্প্রদায়ের সদস্যরা অত্যন্ত অসহায়। তারা সমাজে মানবেতন জীবনযাপন করে থাকেন। তাদের পরিবারের জীবযাত্রার মান উন্নয়ণসহ বিভিন্ন সুযোগ সুবিধা রাখা হয়েছে আশ্রায়নের ওই বেদে পল্লীতে।