ঢাকা অফিস।।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি না হওয়ায় এখনও তাকে বাসায় নেয়ার মতো অবস্থা হয়নি বলে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান রবিবার সাংবাদিকদের জানান।
শায়রুল কবির খান জানান, ম্যাডাম এখনও এভারকেয়ার হাসপাতালের কেবিনে আছেন। উনাকে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উনার শারীরিক অবস্থা আগের মতোই আছে। বর্তমানে ম্যাডামের হার্টের অবস্থা কিছুটা ভাল হলেও পুরানো রোগগুলোর সমস্যা ওঠানামার মধ্যে আছে। তার শারীরিক অবস্থা বাসায় ফেরার মতো এখনও হয়নি।
গুলশানের বাসা ফিরোজায় মাইল্ড হার্ট এ্যাটাক হওয়ার পর ১০ জুন দিবাগত রাত সোয়া ৩টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। ১১ জুন এনজিওগ্রামের পর তার হার্টে ৩টি ব্লক ধরা পড়ার পর ওইদিনই একটি ব্লকে রিং পরানোর পর থেকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সময় বাড়ায় চিকিৎসা বোর্ড। পরে তার অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নিয়ে যাওয়া হয়।










































