খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিশুদের সুস্থ সবল রাখতে পুষ্টিহীনতার সংকট কাটিয়ে উঠতে হবে। শিশুদেরকে জাতির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তাদের কল্যাণে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে যার মধ্যে মাতৃত্বকালীন ভাতা প্রদান অন্যতম। সরকারের যুগান্তকারী এ পদক্ষেপের কারণে মা ও শিশুরা পুষ্টিহীনতা কাটিয়ে উঠছে। তিনি শিশুদের কল্যাণে সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
সিটি মেয়র আজ মঙ্গলবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে ‘‘আরবান নিউট্রিশন সার্ভিস ডেলিভারি এন্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ইউনিসেফ-এর সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ দুইদিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করে। কেসিসির স্বাস্থ্য কর্মী ও সিডিসি’র সদস্যসহ বিভিন্ন সংস্থার প্রায় ৬০ জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ মঞ্জুরুল মোর্শেদ। অন্যান্যের মধ্যে কেসিসি’র সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস মোঃ যোবায়ের হোসেন, ইউনিসেফ-এর আরবান ফোকাল পারসন সুফিয়া আক্তার, পুষ্টি বিষয়ক কর্মকর্তা ডাঃ শাহনাজ বেগম, আবু বক্কর সিদ্দিক প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার।










































