Home আঞ্চলিক খুলনায় ইজিবাইক চালক রাব্বি হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় ইজিবাইক চালক রাব্বি হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

15

স্টাফ রিপোর্টার ।।
নগরীর গল্লামারি এলাকার কিশোর ইজিবাইক চালক মেহেদী হাসান রাব্বি (২০) হত্যা মামলার ৪ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। আদালতের পর্যাবেক্ষণে বিচারক উল্লেখ করেন আসামিদের বয়স কম হওয়ায় তাদের মৃত্যুদণ্ডের আদেশ না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন লবনচরা বোখারীপাড়ার আলতাফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া মৃত. মীর মোহাম্মাদ আলীর ছেলে মো. বাবু হোসেন ওরফে বাবু (২১), দক্ষিণ লবনচরা মদিনাবাদ এলাকার নাসির মোল্লার ভাড়াটিয়া মো. জাফর ইকবাল সেলিমের ছেলে মো. জাহিদুল ইসলাম নয়ন (১৯), মাথাভাঙ্গা মোহম্মাদীয়া জামে মসজিদ রোডের ফুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাবুল হাওলাদারের ছেলে মো. ফয়সাল হাওলাদার (১৯) ও দারোগার লিজ এলাকার ডা. মরিয়মের বাড়ির পাশের মো. রফিকুল ইসলামের ছেলে মো. আবু রায়হান (১৯)। রায় ঘোষণারকালে আসামি রায়হান পলাতক এবং বাকী ৩ আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার অপর আসামি লবণচরা ছোটবান্দার ইসলাম পাড়ার মো. হাই মাতুব্বারের ছেলে মো. সোহেল (২০) কে বেকসুন খালাস দেয়া হয়েছে। আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মুরাদ হোসেন গাজী নথীর বরাত দিয়ে জানান, নিহত মেহেদী হাসান রাব্বি নগরীর গল্লামারী পুলিশ বক্সের পিছনে ওমেদ আলীর বাড়ির ভাড়াটিয়া মো. আব্দুর রহিম ব্যাপারীর বড় ছেলে। সে একজন ফল বিক্রেতা। রাব্বি তার বাবার ব্যবসা দেখাশুনা করত। মাঝেমধ্যে ভাড়ায় ইজিবাইক চালাত। ২০১৮ সালের ১০ আগস্ট সকাল ১০টার দিকে ইজিবাইক নিয়ে বের হলে রাব্বিকে বাবা রাগারাগি করে। এ সময়ে উত্তরে সে জানায় আজকের পর থেকে আর কোন দিন ইজিবাইক চালাবেনা। বিকেল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়িতে থাকে রাব্বি। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইজিবাইক নিয়ে সাচিবুনিয়া কৈয়া বাজারের দিকে যাত্রীসহ রওনা হয়। সন্ধ্যা পেরিয়ে রাত হয়। তার খোঁজ কোথাও না পেয়ে খোঁজ নিতে থাকেন পরিবারের সদস্যরা। খোঁজ মেলে পরেরদিন সকালে, কিন্তু জীবিত নয় মৃত. অবস্থায়। পরেরদিন সকাল সাড়ে ১০টার দিকে রাব্বির বাবা স্থানীয়দের মুখে জানতে পারেন লবনচরা থানাধীন খোলাবাড়িয়া মৌজায় এসএসআর স্কুল কুয়েত মসজিদের পাশে এক যুবকের লাশ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে রহিম ব্যাপারী তার সন্তানের লাশ শনাক্ত করে। পরে তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লবণচরা থানায় মামলা দায়ের করেন যার নং-১১। মামলাটি বেশ আলোচিত হলে পুলিশ নড়েচড়ে বসে। সোর্সের মারফতে ১৩ আগস্ট পুলিশ ছোটবান্দা খাঁন বাহাদুর সড়কের হাওলাদার রাইচ মিলের ভেতর থেকে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করে। পরে ওই এলাকা থেকে হত্যা মামলা সন্দিগ্ধ আসামি হিসেবে মো. সোহেল, মো. বাবু হেসেন, মো. জাহিদুল ইসলাম নয়ন, মো. ফয়সাল ও মো. আবু রায়হানকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে হত্যাকাণ্ডে সম্পৃক্ত আছে বলে স্বীকার করে। ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা রাব্বির গাড়ি ভাড়া করে। নির্জন স্থানে নিয়ে গিয়ে ছিনতাইয়ে জন্য গাড়ি থেকে নামানো হয় রাব্বিকে। বাধা দিলে ফয়সাল হাওলাদার তার পরিহিত প্যান্টের বেল্ট খুলে শ্বাসরোধ করে হত্যা করে রাব্বিকে। ২০১৯ সালের ৩১ জানুয়ারি লবনচরা থানার এসআই নাসির উদ্দিন মোল্লা ৫জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন।