খুলনাঞ্চল রিপেোর্ট।।
ফরিদপুরে রহস্যজনক অগ্নিকাণ্ডে ১২টি বাস পুড়ে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
রোববার (১৩ মার্চ) ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার এমদাদ হোসেনকে প্রধান করে এ কমিটি করা হয়েছে। এর আগে শনিবার (১২ মার্চ) দিনগত রাত সোয়া ১টার দিকে শহরের গোয়ালচামটে নতুন বাস টার্মিনালের পাশে রেখে দেওয়া ১২টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাসগুলো অর্থপাচার মামলায় গ্রেপ্তার শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন। ২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত-রুবেল গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস জব্দ করে। এরপর থেকে সেগুলো এখানেই রাখা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দাউ দাউ করে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। সারিবদ্ধভাবে খোলা জায়গায় রেখে দেওয়া গাড়িগুলোতে রহস্যজনকভাবে একই সময়ে আগুন লাগে বলে তারা জানান।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, এ ঘটনায় কোতোয়ালি থানার ইন্সপেক্টর মো. গাফফার বাদী হয়ে একটি মামলা করেছেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।











































