ঢাকা অফিস।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে শেষ পর্যন্ত ডিএনএ টেস্টে যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। রোববার (১৩ মার্চ) একটি জাতীয় দৈনিক সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেনের উদ্ধৃতি দিয়ে এই খবর প্রকাশ করে।
এ বিষয়ে তিনি বাংলাভিশনকে বলেছেন, এখনো তোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যদি তোলা হয় সে খবর আমি জানবো। তার রেফারেন্সে দৈনিকটির নিউজের বিষয়ে জানতে চাইলে সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বিস্মিত হন।
দীর্ঘ ১৪ বছর রাজধানীর পান্থপথে নাম পরিবর্তন করে মাহমুদুর রহমান পরিচয়ে বসবাস করছিলেন হারিছ চৌধুরী। তাঁর মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী এই তথ্য জানিয়েছেন। মাহমুদুর রহমানকে তাঁর পিতা দাবি করে বলেন, ডিএনএ টেস্ট করলেই প্রকৃত সত্য বের হয়ে আসবে।
হারিছ চৌধুরীর ঢাকায় মৃত্যুর খবর এবং রাজধানীতে বসবাস-গণমাধ্যমে এমন তথ্য প্রকাশের পর সরকারের বিভিন্ন সংস্থার তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এখন (১৩ মার্চ) পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী। পরিচয় নিশ্চিত হতে শুরু হয়েছে নানামুখী তদন্ত। জানার চেষ্টা করছেন, মাহমুদুর রহমানই কি হারিছ চৌধুরী কিনা।
সিআইডি সূত্র জানায়, যদি লাশ তুলতে হয় সেক্ষেত্রে আদালতের অনুমতি লাগবে। যদি অনুমতি মেলে আর ডিএনএ পরীক্ষা করা যায় তাহলে হয়তো সব সন্দেহ আর রহস্যের জট খুলতে পারে। তবে পরীক্ষাটা একটু জটিল। ম্যাচিং করতে রক্তের সম্পর্কের আত্মীয়ের প্রয়োজন হবে। সেক্ষেত্রে তাঁর ছেলে-মেয়ে কেউই দেশে নেই। বিকল্প হিসেবে তাঁর আপন ভাইয়ের আলামত নিয়ে তাঁর ডিএনএ পরীক্ষা হতে পারে।
গণমাধ্যমের অনুসন্ধানে এসেছে নাম-পরিচয় গোপন করে মাহমুদুর রহমান সেজেছেন হারিছ চৌধুরী। ওই পরিচয়ে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টও করেন। গোয়েন্দার চোখ ফাঁকি দিয়ে প্রায় ১১ বছর ঢাকায় অবস্থায় করছিলেন তিনি। ঢাকার এভারকেয়ার হাসপাতালেই গত ৩ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এরপর মাহমুদুর রহমান পরিচয়ে তাঁকে ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের জালালাবাদের কমলাপুর এলাকায় জামিয়া খাতামুন্নাবিয়ীন মাদ্রাসার কবরস্থানে ৪ সেপ্টেম্বর দাফন করা হয় বলেও দাবি করা হয়।











































