স্টাফ রিপোর্টার।।
নগরীর রায়েরমহলের হামিদনগরে বাড়ির সামনে রাজু শেখ ওরফে রাজাকে গুলি করে হত্যা মামলার দু’আসামীর রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১৩ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিলন মৈত্র দু’আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমাণ্ডের আবেদন করেন। এসময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল আমিন আসামী মো. শওকত হোসেন ভিটু’র দু’দিন ও শেখ আব্দুল্লা আল মামুনের এক দিনের রিমাণ্ড মঞ্জুরের আদেশ প্রদান করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিলন মৈত্র জানান, এ মামলার সন্দেহভাজন আসামী ভিটু পূর্ব বাংলার কামিউনিষ্ট পার্র্টির সক্রিয় সদস্য ছিল। তার নামে খুলনার বেশ কয়েকটি থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। খুলনার কয়েকজন ভূমি ব্যবসায়ীর নিকট থেকে নিয়মিত চাঁদা আদায় করত সে। হত্যাকন্ডের পর থেকে সে আত্মগোপনে চলে যায়। প্রযুক্তি ও বিভিন্ন সোর্সের মাধ্যেমে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ভিটু নোয়াখালী জেলায় অবস্থান করছে। এটি জানতে পেরে ১২ মার্চ সকাল ৭টার দিকে পুলিশ ওই জেলার সেনবাগ উপজেলার বাবুপুর এলাকার জনৈক খালেক সাহেবের বাড়ি থেকে তাকে আটক করতে সক্ষম হয়। এ মামলার অপর সন্দেহভাজন আসামী শেখ আব্দুল্লা আল মামুনকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোনাডাঙ্গা এলাকার আন্দিরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে।
মামলার বিবরণে জানা যায়, ৭ মার্চ সন্ধ্যা ৭টার দিকে নগরীর হরিনটানা থানাধীন হামিদ নগর সেভ ড্রিংকিং ওয়াটারের সামনে মো. রাজু শেখ (৪১) কে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত. ঘোষণা করেন। রাজু শেখ হামিদনগর স্লুইচ গেট এলাকার বাসিন্দা তোরাপ শেখের ছেলে। এঘটনায় নিহতের পিতা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা দায়ের করেন।











































