মোঃ তাহের আলী, নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে মাদক দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৩ মার্চ (রোববার) দুপুরে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালত নড়াইল এর বিচারক মোঃ কেরামত আলী। দণ্ডাদেশ প্রাপ্ত দুই আসামী হলো মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার তোল বাসিন গ্রামের মৃত-ইদ্রীস আলীর ছেলে মোঃ সোহেল এবং জামালপুর জেলার মাদারগঞ্জ থানার বালিজুড়ি গ্রামের মোর্শেদ আলমের ছেলে মোঃ রাছেল। এছাড়াও তাদের দুজনকেই ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছরের বিনশ্রম কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন না। মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৩ সালের ৬ মে পুলিশের একটি দল যশোর-নড়াইল মহাসড়কের সীতারামপুর নির্মাণাধীন ব্রিজের পূর্ব পাশে সড়কে বিভিন্ন যানবাহন তল্লাশি করছিল এ সময় যশোর থেকে নড়াইল গামী একটি যাত্রীবাহী বাস থামায় পুলিশ। পরে বাস তল্লাশিকালে দরজার পেছনের সিটে বসা মোঃ সোহেল এর কোলের উপরে থাকা মেরুন ও কালো রঙের স্কুল ব্যাগের মধ্য থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এরপর বাসের মাঝামাঝি বাম পাশের সিটে বসা মোঃ রাছেল এর কোলের উপর থাকা পুরাতন খাকি রঙের ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল সহ মোট ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক তাদের আটক করে পুলিশ। পরবর্তীতে সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত এছাড়া জব্দকৃত ফেনসিডিল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা সহ তা বিধি মোতাবেক ধংসের নির্দেশ দেন আদালত।











































