Home আঞ্চলিক খুলনায় মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি খুন: আ.লীগ নেতা আটক

খুলনায় মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি খুন: আ.লীগ নেতা আটক

30


মো. জাহিদুর রহমান।।


খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রাজা শেখ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর রায়েরমহল হামিদনগর স্লুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজা রায়েরমহল হামিদনগর স্লুইচগেট এলাকার বাসিন্দা তোরাপ শেখের ছেলে। সোনাডাঙ্গা থানা আ’লীগ নেতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হত্যা মামলার অন্যতম আসামি রাজু। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূইঞা রাজার হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি হত্যা মামলার আসামি ছিল সে। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আসামি বের হয়ে যাবে ইনশাল্লাহ।

নিহত রাজা শেখ


পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত রাজা শেখ একাধিক মামলার কারণে জেল খেটে কিছুদিন আগে জামিনে বেরিয়ে আসেন। এরপর তিনি নগরীর খালিশপুর এলাকায় অবস্থান করতেন। সম্প্রতি তিনি বাড়িতে এসে বসবাস করতে শুরু করে। সোমবার সন্ধ্যায় হামিদ নগর সেভ ড্রিংকিং ওয়াটারের কয়েকজনের সাথে আড্ডা দেয়ার সময় মোটরসাইকেল যোগে দুই জন এসে তার (রাজার) মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে তাকে গুলি করেছে আইন-শৃঙ্খলা বাহিনী তা জানার চেষ্টা করছে। ঘটনাস্থলে কেএমপির উর্দ্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছেন, মহানগরীর ১৬ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার বাহাউদ্দিনকে বয়রা বাজার এলাকা থেকে রাত ৯টার দিকে আটক করেছে পুলিশ। তাকে রাজা হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে নিহতের পরিবার ও ঘনিষ্টজনেরা জানিয়েছেন, নিহত রাজা শেখ কারাগার থেকে বের হয়ে খালিশপুর এলাকার একজন জনপ্রতিনিধির সাথে থাকতেন। এমনকি ওই জনপ্রতিনিধি রাজার জামিন করিয়েছেন। নিহত রাজা ওই জনপ্রতিনিধির সকল বৈধ অবৈধ ব্যবসা দেখাশুনার দায়িত্বে ছিলো । সম্প্রতি ব্যবসায়িক বিষয় নিয়ে জনপ্রতিনিধির সাথে মনমালিন্য হয় রাজার এবং রাজা বাড়িতে চলে আসেন। এ ব্যাপারে ওই জনপ্রতিনিধির বক্তব্য নেয়ার জন্য একাধিক বার তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।

বাহাউদ্দিন-ছবি


উল্লেখ্য, ২০১৭ সালের ১৪ জুন বিকেলে হরিণটানা থানা এলাকার হামিদ নগর স্কুল মাঠে ২৭ রমজানে রোযাদারদের ইফতার দেওয়া নিয়ে স্থানীয়দের নিয়ে আলোচনা চলছিল। ঠিক সেই মুহুর্তে সন্ত্রাসীরা সেখানে হামলা চালায়। এলোপাতাড়িভাবে ৪২ রাউন্ড শটগানের গুলি করা হয়। স্থানীয়রা প্রাণে বেচে গেলেও ঘটনাস্থলে শাহাদাৎ হোসেন মোল্লা মারা যায়। নিহতের ছেলে আল মামুন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/১৬ জনের নাম উল্লেখ করে হরিণটানা থানায় মামলা দায়ের করে। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসীদের হাতে খুন হন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা শাহাদাৎ হোসেন মোল্লা। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই মোল্লা লুৎফর রহমান গত বছর ১৮ জুলাই ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগ পত্রের অন্যতম আসামী ছিলেন রাজা শেখ।

নিহত রাজা শেখ