Home খেলাধুলা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই: সিটি মেয়র

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই: সিটি মেয়র

9

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার প্রয়োজনীয়তা অপরিসীম।

তিনি আজ (সোমবার) সকালে খুলনা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মেয়র আরও বলেন, খেলাধুলা ছাড়া শরীর ও মনের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, উদারতা ও নেতৃত্বের গুণাবলি অর্জিত হবে, তৈরি হবে জয় ও পরাজয় সহজে মেনে নেয়ার মানসিকতা। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে স্কুল-কলেজ, মাদ্রাসার অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালির গৌরবের দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি এই মাসে স্বাধীনতা অর্জন করে।

খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক খান আহমেদুল কবীর। এসময় উপাধ্যক্ষ প্রফেসর ড. সমীর রঞ্জন সরকার, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোশারাফ হোসেন, ছাত্রী সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর মোঃ আবদুল জব্বারসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে কলেজ চত্বরে অধ্যক্ষ’র নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা ঐতিহাসিক ৭ই মার্চ দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।