Home জাতীয় ‘প্রধানমন্ত্রীর আমিরাত সফরে ৪-৫টি সমঝোতা স্মারক সই হতে পারে’

‘প্রধানমন্ত্রীর আমিরাত সফরে ৪-৫টি সমঝোতা স্মারক সই হতে পারে’

8

ঢাকা অফিস।।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরে তেল-সমৃদ্ধ দেশটির সঙ্গে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। রোববার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সমঝোতা স্মারকগুলো এখনো চূড়ান্ত হয়নি। তবে এ সফরকালে ৪ থেকে ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের এ দেশটির ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে পাঁচদিনের সফরে আমিরাত যাবেন।

তিনি বলেন, দুবাই শাসকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুবাই এক্সপোতে এক অনুষ্ঠানে যোগ দেবেন। সফরকালে দু’দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি মোকাবিলায় বাংলাদেশি পণ্য রপ্তানি বাড়াতে আমিরাতের সঙ্গে ‘সরাসরি শিপিং’ লাইন চালু করার ওপর জোর দেবেন তিনি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের একটি বিশ্বখ্যাত বন্দর ব্যবস্থাপনা কোম্পানিকে নতুন পতেঙ্গা বন্দরের পাশে পরিকল্পিত বে-টার্মিনালগুলোর মধ্যে একটি নির্মাণ করতে দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে। দ্বিপাক্ষিক আলোচনাকালে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আলোচনা করবে।

ঢাকা অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলোতে আমিরাতের সঙ্গে সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী, যা বাংলাদেশের সক্ষমতাকে সম্মৃদ্ধ করে আসন্ন চতুর্থ শিল্পবিপ্লব যুগের সঙ্গে তালমেলাতে সক্ষম করে তুলবে। পাশাপাশি দু’দেশের ব্যবসায়ী কোম্পানিগুলোর মধ্যে এক যৌথ ব্যবসায়িক ফোরাম গঠিত হবে।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বাংলাদেশি কমিউনিটি পরিচালিত ‘বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল’ এর একটি নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আমিরাতকে দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স আয়ের দেশ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্য মহামারির মধ্যেও বাংলাদেশিদের জন্য পুনরায় শ্রম বাজার উন্মুক্ত করেছে। এটা বাংলাদেশের কূটনৈতিক বিজয়। তিনি আশা করেন, এ উচ্চপর্যায়ের সফরটি বাংলাদেশি জনশক্তির জন্য অধিকতর সুযোগ সৃষ্টি করবে। ১২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও সচিব (পূর্ব) মাশফি বিনতে শামসও উপস্থিত ছিলেন।