Home আঞ্চলিক খুলনায় মাদক মামলার আসামিকে ৮ শর্তে মুক্তি

খুলনায় মাদক মামলার আসামিকে ৮ শর্তে মুক্তি

7

স্টাফ রিপোর্টার ।।

মাদক মামলার আসামিকে ৮টি শর্তে প্রবেশন মুক্তি দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে অভিনব এই রায় ঘোষণা করেছেন খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম। প্রবেশনে মুক্তিপ্রাপ্ত আসামি হলেন নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামের শহিদুল মোল্লার ছেলে সোহেল মোল্লা (২৭)।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের মার্চ মাসে ডুমুরিয়াা উপজেলায় ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে আদালতে ঘটনার স্বীকার করেন। তাকে সংশোধন হওয়ার জন্য ৮ শর্তে প্রবেশনাল মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট সদানন্দন কুমার।

শর্তগুলো হচ্ছে, সোহেল কখনো মাদক সেবন, ক্রয়-বিক্রয়, পরিবহন ও ধূমপান করতে পারবেনা। প্রতিমাসে একদিন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নিবে। তাকে মাদক বিরোধী আন্দোলন ও জনসচেতনতায় ব্যক্তিগতভাবে অংশ নিতে হবে। তাকে মাদকবিরোধী কার্যক্রমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার প্রবেশন কর্মকর্তার নির্দেশে বিভিন্ন সভা-সেমিনারে উপস্থিত থাকতে হবে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সম্পূর্ণ পড়তে হবে এবং তা প্রবেশন কর্মকর্তাকে অবহিত করতে হবে। তাকে নিজের বাড়ির আঙ্গিনায় ও গ্রামের রাস্তার পাশে দশটি করে ফলজ ও বনজ বৃক্ষ লাগাতে হবে এবং তা প্রবেশন কর্মকর্তাকে অবহিত করতে হবে। তার বৃদ্ধ বাবা-মার ভরণ-পোষণের দায়িত্ব নিতে হবে। প্রতি মাসে ন্যূনতম দুইবার প্রবেশন কর্মকর্তা সঙ্গে তার দেখা করতে হবে এবং অগ্রগতি জানাতে হবে। একই সাথে বলা হয়েছে প্রবেশন কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং তার নির্দেশ অনুসারে চলতে হবে।

রায়ে বলা হয়েছে, প্রবেশনকালীন কোন শর্ত ভঙ্গ করলে বা আচরণ সন্তোষজনক না হলে আদালত যেকোনো সময় থাকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করতে পারবে এবং ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হবে। আসামিপক্ষে এ মামলাটি পরিচালনা করেন এডভোকেট স্বর্ণালী দাস।