স্টাফ রিপোর্টার ।।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ৩৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১ হাজার ৭৪১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৫৩ শতাংশ। এর আগের দিন বিভাগে ১ হাজার ৭৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৭১ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২১ দশমিক ২৬ শতাংশ। তবে এর আগের দিন বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৭৬ জন। এ ছাড়া খুলনায় ৬১ জন, যশোরে ৩৫ জন, সাতক্ষীরায় ৩৪ জন, মেহেরপুরে ৩৩ জন, বাগেরহাটে ২৫ জন, নড়াইলে ২৩ জন, চুয়াডাঙ্গায় ২১ জন এবং ঝিনাইদহ ও মাগুরায় ১৬ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন।
বিভাগের মধ্যে মাগুরায় সর্বোচ্চ শনাক্তের হার ৪৪ দশমিক ৪৫ শতাংশ। সবচেয়ে কম শনাক্তের হার চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা যশোর, খুলনা ও কুষ্টিয়ার বাসিন্দা।
বিভাগে বর্তমানে ১৮৫ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন, সুস্থ হয়েছেন ৪০২ জন। বিভাগে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৫২ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ১২ হাজার ৯০৩ জন।
পরিচালক মনজুরুল মুরশিদ বলেন, কয়েক দিন ধরে সংক্রমণের হার কমছে। পাশাপাশি চিকিৎসাধীন রোগীও একটু কমছে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যাঁরা এখনো করোনার টিকা নেননি, তাঁদের দ্রুত টিকা নিতে হবে।









































