স্পোর্টস ডেস্ক।।
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ভলিবলে বাংলাদেশকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।
উৎসবের জন্য পুরো প্রস্তুত ছিল মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। টুর্নামেন্টে মেয়েদের ব্যর্থতার পর ছেলেদের নিয়ে আশায় ছিলেন খোদ আয়োজকরাও। এ নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছিল স্বাগতিকরা। আশা ছিল শিরোপা উঁচিয়ে ধরার। তবে লাল-সবুজের সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) হাইভোল্টেজ ম্যাচটিতে প্রথম সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, যদিও ২৬-২৮ পয়েন্টের সামান্য ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেটেও বাংলাদেশের হার ২০-২৫ পয়েন্টে। এরপর তৃতীয় সেটও একই ব্যবধানে জিতে শিরোপা উৎসবে মাতে শ্রীলঙ্কা।
এর আগে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার (২৭ ডিসেম্বর) নিজেদের চতুর্থ ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ৩-২ সেটে জিতেছে বাংলাদেশ।
প্রথম সেট ২১-২৫ পয়েন্টে হারের পর দ্বিতীয় সেট ২৫-১৪ পয়েন্টে জিতে নেয় বাংলাদেশ। জমজমাট লড়াইয়ের পর তৃতীয় সেট ২৬-২৪ ব্যবধানে হারের পর চতুর্থ সেটে ২৫-১৩ জিতে বাংলাদেশ। পঞ্চম সেটে স্বাগতিকদের জয় ১৫-১৩ পয়েন্টের।
নেপালকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকেও হারায় ৩-০ সেটে। তবে আশা জাগিয়ে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-১ সেটে হেরে যায় বাংলাদেশ।
২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়ে প্রথম ও সবশেষ এই শিরোপা জেতা বাংলাদেশ ২০১৮ সালে হয়েছিল রানার্সআপ। তিন বছর পর আবার ফাইনালে উঠেছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতা হয়নি। কেবল বেড়েছে আক্ষেপ।











































