Home আঞ্চলিক জলবায়ু পরিবর্তনজনিত সংকট কোন দেশের একক সংকট নয়: সিটি মেয়র

জলবায়ু পরিবর্তনজনিত সংকট কোন দেশের একক সংকট নয়: সিটি মেয়র

35

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত সংকট কোন দেশের একক সংকট নয়। এটি এখন সমগ্র বিশ্ববাসীর উদ্বেগের কারণ। সেই উদ্বেগ থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদ্য সমাপ্ত কপ সম্মেলনে যোগ দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব নেতৃবৃন্দকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সিটি মেয়র আজ রবিবার সকালে খুলনা কারিতাস মিলনায়তনে আয়োজিত “উপকূলীয় শিশুদের জলবায়ু সম্মেলন –২০২১” এ প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। ম্যাক্স ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) এ সম্মেলনের আয়োজন করে। তিনি সময়োপযোগী এ উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের অভিনন্দন জানান এবং এ আয়োজন শিশুদের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে বলে উল্লেখ করেন।

সিটি মেয়র আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন বিপন্ন হচ্ছে এবং এর ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিশুরা। তাদের শিক্ষা, প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি, আবাসন এবং নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তিনি বলেন, ধনি দেশগুলির অত্যাধিক পরিমাণ কার্বন নি:সরণের কারণে জলবায়ু সংকটাপন্ন হচ্ছে। ফলে উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ হানা দিচ্ছে। খুলনাঞ্চলে সুন্দরবন আমাদের রক্ষাকবজ হিসেবে কাজ করছে। তাই আমাদের নিজেদের স্বার্থে সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হবে।

জেজেএস-এর নির্বাহী পরিষদের সভাপতি জাকিয়া আক্তার হোসেন-এর সভাপতিত্বে সম্মেলনে বিষয়বস্তুর ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. দিলিপ কুমার দত্ত ও প্রফেসর ড. নাজমুস সা’দাত এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোস্তফা সরোয়ার। অন্যান্যের মধ্যে খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, দৈনিক কালেরকন্ঠ-খুলনার ব্যুরো চীফ গৌরঙ্গ নন্দী, কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কনসার্ণ ওয়ার্ল্ডওয়াইড-বাংলাদেশের কনসোর্টিয়াম ম্যানেজার ইমরানুল হক, জুম ক্লাউডের মাধ্যমে কেএনএইচ বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর শুভময় হক এবং দক্ষিণ কোরিয়ার কনসার্ণ ওয়াল্ডওয়াইড সরোজ দাসসহ সাংবাদিক ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সম্মেলনে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। জেজেএস-এর নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন-এর সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তৃতা করেন বৈশাখী সরকার ও সাজ্জাদ হোসেন।

উপকূলীয় শিশুদের মধ্য থেকে শিশু শিক্ষা, বিনোদন, খাবার পানি ও সেচের পানির নিশ্চয়তাসহ শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণ সম্পর্কিত দাবীনামা তুলে ধরে বক্তৃতা করেন সুখী আক্তার, লামিয়া আক্তার, রকিবুল ইসলাম নয়ন, জান্নাতুল প্রমুখ।