Home আঞ্চলিক দাকোপে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

দাকোপে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

25

মোঃ শামীম হোসেন- বাজুয়া ।।

 শীতের শুরুতেই রস সংগ্রহ, খেজুর রসের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন খুলনার দাকোপের গাছিরা। ফরিদপুর ও বরিশাল থেকে গাছিরা দাকোপে এসে খেজুর বাগান লিজ নিয়ে রস সংগ্রহ করে গুড় ও পাটালি তৈরি করে থাকেন। এলাকা ঘুরে জানা যায় শীত শুরুর সঙ্গে সঙ্গে গাছিরা খেজুর গাছ প্রস্তত করে রস আহরণ শুরু করেছেন। রস আহরণের জন্য প্রথমে হাতে দা ও কোমরে দড়ি বেঁধে খেজুর গাছে উঠে নিপুণ হাতে গাছ চাছা-ছেলা করেন। পরে ছেলা স্থানে বাঁশের কঞ্চির নল বসানো হয়। সেই নল বেয়ে নেমে আসে সুস্বাদু খেজুর রস। কাকডাকা ভোর থেকে সকাল ৮-৯টা পর্যন্ত গাছ থেকে রস সংগ্রহ করে। দুপুর পর্যন্ত রস জাল দিয়ে গুড় তৈরি করা হয়। কেউ কউ আবার গুড় থেকে পাটালি তৈরি করে বিক্রির জন্য। আবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রস সংগ্রহের জন্য গাছে গাছে কলস বাঁধে। এভাবেই ব্যস্ত সময় পার করছে গাছিরা।

শীতের চার মাস ৬ শতাধিক খেজুর গাছ ৩৫ হাজার টাকায় লিজ নিয়ে প্রতিদিন গড়ে ১২০ কেজি গুড় উৎপাদন করছেন। আর পাইকারিতে প্রতি কেজি গুড় বিক্রি করেন ১৮০ ও খুচরা ২০০ টাকা কেজি। খেজুরের রস ৩০০ টাকা হাড়ি ও ১০ টাকা গ্লাস বিক্রী করছেন তারা। আবার অনেকে রস কিনে নিয়ে ফেরি করে বিক্রি করেন। এ শীতের মৌসুমে রস ফেরি করে জীবিকা নির্বাহ করে এমন সংখ্যা শতাধিক। রস আর রসের তৈরি পিঠা উৎসব চলবে পুরো শীত জুড়ে। খেজুরের রস দিয়ে নানান রকম পিঠা তৈরি করা হয়। ভাপা পিঠা, পুলি পিঠা, পাঠিসাপটা, রস পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা তৈরির ধুম পড়ে গেছে খেজুর গাছের রস আর গুড় দিয়ে। ঘরে ঘরে নবান্ন উৎসবে রস ও রস থেকে তৈরী গুড়, পাটালি দিয়ে তৈরি হবে সুস্বাদু খাবার। তবে যত শীত বেশি পড়ে তত রস বেশি হয়। গাছিদের মতে প্রতিদিন ৮০ থেকে ৯০টি গাছের রস থেকে তৈরি হয় ৪০ কেজি গুড়। শীত বেশি পড়লে রস উৎপাদন হবে দ্বিগুণ। বাজুয়া গ্রামের গাছি জয়নাল মিয়া জানান, খেজুরের রস পেতে বেশ কিছু কাজ করতে হয়। গাছের উপরিভাগের নরম অংশকে কেটে সেখানে বসিয়ে দেয়া হয় বাঁশের তৈরি নালা। আবার পাখিরা যাতে রস না খেতে পারে আর কোন জীবাণু না ছড়াতে পারে, সেজন্য আবার জাল বিছাতে হয়। গাছের কাটা অংশ থেকে চুইয়ে-চুইয়ে রস এনে নল দিয়ে ফোঁটায় ফোঁটায় জমা হয় মাটির কলসিতে। একবার গাছ কাটার পর ২-৩ দিন রস পাওয়া যায়। রসের জন্য গাছ একবার কাটার পর ৫-৬ দিন বিশ্রাম দেয়া হয়। রোদে কাটা অংশ শুকিয়ে গেলে আবার ওই অংশ চেছে রস সংগ্রহ করা হয়। আর এ কারণেই সাধারণত খেজুর গাছ পূর্ব ও পশ্চিম দিকে কাটা হয়, যাতে সূর্যের আলো সরাসরি ওই কাটা অংশে পড়ে। কৈলাশগঞ্জ গ্রামের গাছি ভৈরব  জানান, গাছ থেকে রস সংগ্রহের সময় মৌমাছির কামড় সইতে হয়। রস বিক্রির টাকা যখন ঘরে তুলি তখন মৌমাছির কামড়ের কথা ভুলে যাই। এ বিষয়ে লাউডোবের গাছি বড় মিয়া বলেন, বর্তমানে যে হারে খেজুর গাছ হারিয়ে যেতে বসেছে, তাতে এক সময় হয়তো আমাদের দেশে খেজুর গাছ থাকবে না। এই ঐতিহ্যকে ধরে রাখতে চাইলে আমাদের সবার উচিত তালগাছের মতো বেশি বেশি খেজুর গাছ লাগানো এবং তা যত্ন সহকারে বড় করা। নতুন করে কেউ খেজুরের বাগান করতে চাইলে বা খেজুরের গাছ রোপণে যে কোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান। তিনি বলেন, এ উপজেলায় খেজুরের গাছ রোপণের ক্ষেত্রে তেমন একটা আগ্রহ দেখা যায় না। সবাই আম, জাম, ডাব, তাল, কাঠ জাতীয় গাছ বিভিন্ন ফল এর চারা লাগানো নিয়েই ব্যস্ত। সব গাছেরই প্রয়োজন আছে। তবে   খেজুর বাগানও লাভজনক বলে তিনি খেজুর বাগান করার জন্য সকলকে আহবান জানান। তিনি বলেন প্রয়োজনে  খেজুর বাগান তৈরি করার জন্য তার সকল সহযোগিতা থাকবে বলে জানান।