ঢাকা অফিস।।
তৃতীয় ধাপে এক হাজার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাছাইয়ে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৬৩৮টি মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাতিলের মধ্যে চেয়ারম্যান পদে ১৪৮, সংরক্ষিত নারী সদস্য পদে ১২৪ এবং সাধারণ সদস্য পদে ৩৬৬টি মনোনয়নপত্র রয়েছে।
রবিবার (৭ নভেম্বর) এই তথ্য জানান নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান।
এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ২ নভেম্বর। এতে তিন পদে মোট ৫৪ হাজার ৩১৭টি মনোনয়নপত্র জমা পড়েছিলো।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) ছিলো মনোনয়নপত্র জমা যাচাই-বাছাইয়ের দিন। এদিন চেয়ারম্যান পদে জমা পড়া পাঁচ হাজার ২৮৪টি মনোনয়নপত্রের মধ্যে বাছাইয়ে ১৪৮টি বাতিল হয়েছে। এই পদে বৈধ হয়েছে পাঁচ হাজার ১৩৬টি মনোনয়নপত্র। সংরক্ষিত নারী সদস্য পদে জমা পড়া ১১ হাজার ৬১১টির মধ্যে বাতিল হয়েছে ১২৪টি। বৈধ হয়েছে ১১ হাজার ৪৮৭টি মনোনয়নপত্র। সাধারণ সদস্য পদে জমা পড়া ৩৭ হাজার ৪২২টি মনোনয়নপত্রের মধ্যে বাছাইয়ে বাতিল হয়েছে ৩৬৬টি। বৈধ হয়েছে ৩৭ হাজার ৫৬টি মনোনয়নপত্র। তিন পদে মোট বৈধ মনোনয়নপত্র রয়েছে ৫৩ হাজার ৬৭৯টি।
ইসি’র ঘোষিত তফসিল অনুযায়ী, এই ধাপে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।
এই ধাপে ৩১টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
প্রথম ধাপে ইতিমধ্যে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৮৪৮ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।











































