খুলনাঞ্চল রিপোর্ট।।
থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন তার সন্তান রাহগির আলমাহি সাদ এরশাদ। রোববার (৭ নভেম্বর) দুপুরে তাকে উদ্ধৃত করে বিরোধী দলীয় নেতার একান্ত সহকারী মামুন হাসান এ তথ্য জানান।
মামুন হাসান বলেন, ‘আধাঘণ্টা আগে সংসদ সদস্য সাদ এরশাদ জানিয়েছেন, ম্যাডামের (রওশন এরশাদ) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। গতকাল শনিবার রাত থেকে তিনি কথা বলছেন। আল্লাহর অশেষ রহমতে তিনি ভালো আছে।’
মামুন হাসান জানান, সাদ এরশাদ দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। রওশন এরশাদের চিকিৎসা চলমান রয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গত শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দর থেকে ব্যাংকের উদ্দেশে রওনা হন রওশন এরশাদ। সেখানে জাতীয় সংসদের বিরোধীদলীয় এই নেতার সঙ্গে আছেন রাহগির আলমাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ।
জাপা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন এই রাজনীতিবিদ।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন। এরশাদের মৃত্যুর পর ছেলে রাহগির আল মাহি সাদ রংপুর-৩ আসন থেকে উপনির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে ২৩ মে টানা ২৪ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন রওশন এরশাদ। দ্বিতীয় দফায় গত ১৪ আগস্ট থেকে টানা ৭০ দিনের মতো দেশের হাসপাতালে চিকিৎসাধী নিয়েছেন তিনি।











































