মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
পরিবহণ ধর্মঘটের মধ্যেও সড়ক পথে রুপপুর পারমাণবিক কেন্দ্র ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে গেছে গুরুত্বপূর্ণ মালামাল। দেশে চলমান সরকারের এই মেগা প্রজেক্টের পণ্য বিদেশী জাহাজে করে মোংলা বন্দরের মাধ্যমে আমদানী করা হয়। পরে বিদেশী জাহাজ থেকে তা খালাস করে রাখা হয় বন্দর জেটিতে। তারপর শুক্রবার বিকেলে বন্দর জেটি থেকে সেই মালামাল নিজস্ব পরিবহণে করে নেয়া হয়েছে ওই প্রজেক্টগুলোতে। জেটি থেকে ৮টি টেইলরে করে ৩১ মেট্রিক টন মেশিনারি মালামাল নেয়া হয়েছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুর পারমাণবিক কেন্দ্রে। আর ৪২টি টেইলরে করে ২শ ৫০ মেট্রিক টন যন্ত্রাংশ ও মালামাল নেয়া হয়েছে বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগ বলেন, পরিবহণ ধর্মঘটের মধ্যেও শুক্রবার এ বন্দর থেকে ২শ ৮১ মেট্রিক টন গুরুত্বপূর্ণ মালামাল সড়ক পথেই রুপপুর পারমাণবিক কেন্দ্র ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হয়েছে। ওই প্রজেক্ট দুইটির নিজস্ব পরিবহণে করে এ মালামাল নেয়া হয়েছে বলেও জানান তিনি।











































