খবর বিজ্ঞপ্তি ।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শিক্ষকগণকে মানুষ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করে বলেন, জাতি শিক্ষক সমাজের কাছে ঋণী। তাদেরকে যথাযথ সম্মান ও মর্যাদার আসনে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্বভার গ্রহণ করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশ গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করেন। দেশ গড়ার অংশ হিসেবে তিনি হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানও জাতীয়করণ করেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পিতার দেখানো পথ অনুসরণ করে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, উপবৃত্তি, শিক্ষাবৃত্তি প্রণয়নসহ শিক্ষার্থীদের কল্যাণে তিনি যুগোপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের করণীয়’’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ্ব শিক্ষক দিবস ২০২১ পালন উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)-খুলনা মহানগর ও জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।
স্বাশিপ-এর খুলনা মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ শহিদুল হক মিন্টু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ প্রধান শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী এবং প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন স্বাশিপ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য, খুলনা বিভাগীয় সমন্বয়ক ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। স্বাগত বক্তৃতা করেন স্বাশিপ-এর খুলনা জেলা শাখার সভাপতি অজয় চক্রবর্তী, মূল প্রবন্ধ পাঠ করেন ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবু দারদা মোঃ আরিফ বিল্লাহ ও সঞ্চালনা করেন জাতীয় ক্রীড়া ধারা ভাষ্যকার রবিউল ইসলাম পলাশ। শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, শেখ জাহিদুজ্জামান, মিতা বাগচী, তাপস কুমার বিশ্বাস প্রমুখ। খুলনা জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষিকাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় সিটি মেয়র প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আওতায় খুলনা জেলার ৬ জন দেশ সেরা কন্টেন্ট নির্মাতা ও খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক সংগঠক মোঃ দেলোয়ান হোসেন-এর হাতে সম্মাননা ক্রেস্ট এবং করোনায় মৃত্যুবরণকারী দু’জন শিক্ষক পরিবারের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন।











































