ঢাকা অফিস ।।
মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের ধীরগতি সমস্যার সমাধানে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ‘মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে হবে।’
রোববার (৫ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটের ধীরগতির সমস্যা সমাধান করে গুণগত ও মানসম্মত নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিত করতে করা রিটের শুনানি দুই মাসের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট। আদালতে রিটকারীদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
শুনানিতে অ্যাডভোকেট ইশরাত নেটওয়ার্ক সমস্যার কথা তুলে ধরেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ বিটিআরসির লিখিত জবাবে নেটওয়ার্কের সমস্যা সমাধানে তাদের অব্যাহত কার্যক্রম সম্পর্কে অবহিত করে আদালতকে বলেন, ‘বিটিআরসি বলেছে, নেটওয়ার্ক সমস্যা সমাধানে তারা প্রচেষ্টা চালাচ্ছেন।’
এর আগে গত ৮ জুন মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের ধীরগতি সমস্যার সমাধান করে গুণগত ও মানসম্মত নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে গ্রাহকদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইন্টারনেটের গতি সেবা দিতে নির্দেশনা চাওয়া হয়।










































